ঐশ্বরিয়ার গানে নাচবেন লিওনি
১৫ বছর আগে ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমায় ‘ঢোলি তারো ঢোল বাজে’ গানের সঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের অনবদ্য নাচ সবার নজর কেড়েছিল। সেই গানের তালেই এবার পা মেলাবেন সানি লিওনি। নিজের নতুন সিনেমা ‘লিলা’য় নাচবেন এই গানটির রিমিক্স ভার্শনের ছন্দে।
ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে জানাচ্ছে, নতুন এই সিনেমায় সানি অভিনয় করছেন একজন রাজকুমারীর ভূমিকায়। সিনেমাটিতে থাকছে নয়টি গান। তার মধ্যে একটি হবে ‘ঢোলি তারো ঢোল বাজে’র রিমিক্স। গানে কণ্ঠ দেবেন তুলসি কুমার। গানটি চিত্রায়িত হবে রাজস্থানে।
সঞ্জয় লিলা ভানসালির পরিচালনায় ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমার এই গানে কণ্ঠ দিয়েছিলেন কবিতা কৃষ্ণমুর্তি, ভিনোদ রাঠোর, কারসান সাগাথিয়া। ইসমাইল দরবারের সুরে গানটির কথা লিখেছিলেন মেহবুব।
মূল গানটির সঙ্গে ঐতিহ্যবাহী গুজরাতি চোলি-ঘাগড়া পরে নেচেছিলেন ঐশ্বরিয়া। তার সঙ্গে গুজরাতি পোশাকে ছিলেন সালমান খানও।
চলতি বছর বেশ কয়েকটি আইটেম গানে নেচে জনপ্রিয়তা পেয়েছেন সানি লিওনি। এবার দেখা যাক নতুন এই গানে তার নাচ কেমন সাড়া ফেলে।
