২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শ্রিদেবিকে ভালো লাগার সঙ্গে সম্পর্ক নেই’

অসম প্রেমের কাহিনি নিয়ে নির্মিত নিজের নতুন সিনেমার নাম 'শ্রিদেবি' রেখে তোপের মুখে পড়েছেন রাম গোপাল ভার্মা। ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে আইনি নোটিশও পাঠিয়ে দিয়েছেন অভিনেত্রী শ্রিদেবি। কিন্তু টনক নড়েনি আর জি ভির। সাফ জানিয়ে দিয়েছেন নাম বদলানোর কোনো ইচ্ছা নেই তার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 04:44 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

অনুমতি না নিয়ে একজন অভিনেত্রীর নাম ব্যবহারের কারণে ভার্মার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান শ্রিদেবির স্বামী বনি কাপুর। সম্প্রতি এর জবাবে নিজের ফেইসবুক পেইজে একটি পোস্ট দেন ভার্মা।

সেখানে তিনি লেখেন, আদালত থেকে পাঠানো নোটিশে নাম বদলানোর পাশাপাশি জনসম্মুখে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। কিন্তু এর কোনটিই তিনি করবেন না।

'শ্রিদেবি'র পোস্টার প্রকাশের সময় একে 'প্রথম প্রেমের গল্প' হিসেবেই অভিহিত করেছিলেন ভার্মা। অন্যদিকে অভিনেত্রী শ্রিদেবির প্রতি তার দুর্বলতার কথা বহুবার গণমাধ্যমের সামনে বলেছেন তিনি। তাই অনেকেই ভাবছিলেন, সে কারণেই সিনেমাটির নাম রাখা হয়েছে 'শ্রিদেবি'।

কিন্তু ফেইসবুকে ‘রাঙ্গিলা’র পরিচালক লেখেন,“আমাকে যে নোটিশ পাঠানো হয়েছে, মনে হচ্ছে সেটা এটা ভেবে পাঠানো হয়েছে যে, কলেজে পড়ার সময় শ্রিদেবির প্রতি আমার যে দুর্বলতা ছিল ‘শ্রিদেবি’ সিনেমাটি তার ওপর ভিত্তি করে বানানো হচ্ছে..আমি গত ৫ বছরে বহুবার গণমাধ্যমে এবং তাকে (শ্রিদেবি) এ বিষয়ে জানিয়েছি যেটা হালকাভাবেই নেওয়া হয়েছে”

তিনি আরও বলেন, “আমাদেরকে যথাযথ কর্তৃপক্ষই নামটি ব্যবহারের অনুমতি দিয়েছে...তাছাড়া এ নামে গত দুই দশকে আরও অন্তত তিনটি সিনেমা নির্মিত হয়েছে এবং মুক্তি পেয়েছে।”

তিনি আরও জানান, 'সাভিত্রি' নামটি এর আগেই একজন নিবন্ধিত করে রেখেছিলেন। আর সে কারণেই নামটি তারা ব্যবহার করতে পারছেন না।

ভাষার সিনেমা 'শ্রিদেবি'র কাহিনি গড়ে উঠেছে স্কুলপড়ুয়া এক ছেলেকে নিয়ে যে জীবনে প্রথমবারের মত প্রেমে পড়ে পাশের বাড়ির এক বিবাহিত নারীর।

সিনেমাটির পোস্টার নিয়েও ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। শাড়ি পড়া একজন যুবতি নারীর খোলা কোমরের দিকে তাকিয়ে থাকা এক কিশোরের ছবিটি নিয়ে নারীবাদী সংগঠনগুলো ছাড়াও প্রতিবাদ জানায় শিশু অধিকার সংগঠনগুলো।  

এর আগেও নিজের সিনেমার জন্য বিতর্কিত হয়েছেন আর জি ভি। মুম্বাইয়ের তাজ হোটেলে সন্ত্রাসী হামলার পর পরই এই কাহিনি নিয়ে সিনেমা তৈরির সিদ্ধান্ত নেন তিনি। আর সে সময়ই উপস্থিত হন হামলার স্থানে। এতে করে তীব্র নিন্দার মুখে পড়েন তিনি। এছাড়া নিজের সিনেমার বিষয় এবং উদ্ভট সব টুইটের জন্য বরাবরই সমালোচিত হয়েছেন তিনি।   

'শ্রিদেবি' নির্মাণ করবেন কিরান প্রাসাদ। এতে নায়িকা চরিত্রে থাকবেন আনুশক্রিতি শর্মা।

পুরনো খবর:

শ্রিদেবির রাগ