এবার নায়িকা নওশাবা
এবার পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে। ‘জাগো’ খ্যাত পরিচালক খিজির হায়াত খানের দ্বিতীয় সিনেমা ‘প্রতিরুদ্ধ’তে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
‘উধাও’ এবং ‘আন্ডার কনস্ট্রাকশন’ সিনেমা দুটিতে পার্শ্ব-চরিত্রে অভিনয় করলেও এই সিনেমাতে নওশাবা থাকছেন কেন্দ্রীয় চরিত্রে। তার বিপরীতে দেখা যাবে নতুন মুখ অমিত সিনহাকে।
সিনেমাটি প্রসঙ্গে নওশাবা গ্লিটজকে বলেন, “সিনেমার চিত্রনাট্য হাতে পেয়েছি। অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটিতে আমার অভিনয়ের অনেক জায়গা রয়েছে। এক তরুণীর জীবনের নানা পট পরিবর্তন দেখানো হয়েছে চরিত্রটির মধ্য দিয়ে। ভীষণ ভালো লেগেছে চরিত্রটি।”
টেলিভিশন নাটকের ব্যস্ত অভিনেত্রী নওশাবা জানালেন, ঈদ-উল-আযহার পর এক ঘণ্টা বা ধারাবাহিক নাটক - কোনো ধরনের কাজই করছেন না আর। চলচ্চিত্রের জন্য পুরোদমে প্রস্তুতি চলছে।
ডিসেম্বর মাঝামাঝি শুরু হবে ‘প্রতিরুদ্ধ’ সিনেমাটির শুটিং।
নওশাবা অভিনীত রুবাইয়াত হোসেনের ‘ আন্ডার কনস্ট্রাকশন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। নিজের দ্বিতীয় সিনেমা কবে নাগাদ মুক্তি পাবে সে বিষয়ে অবশ্য জানেন না এই অভিনেত্রী।
অভিনেত্রী নওশাবা গানের মানুষও বটে। তার লেখা গানগুলো নিয়ে স্বামী আহমেদ এহসানুর রহমান জিয়া সংগীতায়োজন করেছেন। ‘স্কারলেট স্কাই’ নামের অ্যালবামটি শিগগরিই প্রকাশিত হবে বলে জানালেন তিনি।
