এখন নওশাবা
এবার ভিন্নধারার চরিত্রে অভিনয় করলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। ‘বেদের মেয়ে জোৎস্না’ শিরোনামে একটি ডকুফিকশনে অভিনয় করেছেন তিনি। এতে তিনি বেদে কন্যা জোৎস্না চরিত্রে রূপদান করেছেন। নওশাবার বিপরীতে অভিনয় করেছেন মুরাদ পারভেজ। ডকুফিকশনটি নির্মাণ করেছেন সরকার মিল্টন।
এই চলচ্চিত্রের শুটিং হয়েছে মুন্সিগঞ্জের এক বেদেপাড়ায়। শুটিংয়ের আগে নওশাবা এই বেদেপাড়া ঘুরে এসেছেন। সচক্ষে দেখে এসেছেন বেদেদের জীবনধারা।
ভিন্ন চরিত্রে রূপদান প্রসঙ্গে নওশাবা গ্লিটজকে বলেন, “গতানুগতিক ধারার চরিত্র থেকে বেরিয়ে জীবনঘনিষ্ঠ কোনো চরিত্রে অভিনয় করতে চেয়েছি। বেদে কন্যার চরিত্রের মাধ্যমে সমাজের অবহেলিত এক জনগোষ্ঠীর কথা ফুটিয়ে তুলেছি। তাদের চাওয়া-পাওয়ার গল্প বলেছি।”
এ গল্পে দেখা যাবে, এক গ্রামে বসতি গড়ে বেদেরা। বেদেকন্যা জোৎস্নার সঙ্গে দেখা হল এক রাজকুমারের। রাজকুমার জোৎস্নাকে নিয়ে বেদেপাড়ায় যায়। বেদেপাড়ার জীবনচিত্রে সে মুগ্ধ হয়। জোৎস্না রাজকুমারকে বেদেজীবনের নানা গল্প শোনায়। বেদেদের না পাওয়ার গল্প বলে। একদিন রাজকুমার জোৎস্নার প্রেমে পড়ে।
এ চলচ্চিত্রে ‘বেদের মেয়ে জোৎস্না’ সিনেমার ‘ বেদের মেয়ে জোৎস্না আমায় ফাঁকি দিয়েছে...’ গানটি ব্যবহৃত হয়েছে। ডশুফিকশনটি ঈদের তৃতীয় দিন রাত ১০.১০ মিনিটে সময়টিভিতে প্রচারিত হবে।
নওশাবা ঈদের একটি টেলিফিল্ম ও দুটি নাটকে অভিনয় করেছেন।
শিহাব শাহীনের ‘নীল প্রজাপতি’ টেলিফিল্মে এক প্রতিবন্ধীর চরিত্রে রূপদান করেছেন নওশাবা। এক প্রতিবন্ধী মেয়ের জীবনযুদ্ধের গল্পে তার বিপরীতে অভিনয় করেছেন মডেল আলিফ। টেলিফিল্মটি এনটিভিতে প্রচারিত হবে।
শামীম আহমেদ রনির নাটক ‘হোটেল চিটাগং’-এ এক ভাড়াটে খুনির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে অভিনয় করেছেন মাজনুন মিজান।
নওশাবা অভিনয় করেছেন রনির একটি হাস্যরসাত্মক নাটক ‘ক্রেজি থ্রি ইন থার্টি থ্রি’ নাটকে। এ নাটকে তিনি চারটি চরিত্রে রূপদান করেছেন। এ নাটকের গল্পে দেখা যাবে, এক মানসিক হাসপাতালের একমাত্র নার্স নওশাবা। প্রেমে ব্যর্থ হয়ে তিন পাগল হাসপাতালে আসে। এক সময় তারা নওশাবার প্রেমে পড়ে। নওশাবার মধ্যে খুঁজে পায় নিজেদের পুরনো প্রেমিকাকে।
নওশাবা অভিনয় করছেন রুবাইয়াত হোসেনের ‘ আন্ডার কনস্ট্রাকশন’ সিনেমায়। এ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
নওশাবা মনে করেন, অভিনেত্রী হিসেবে তার সামাজিক দায়বদ্ধতা আছে। তাই বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরার এক মিশনে নেমেছেন তিনি। বায়োস্কোপওয়ালা ওয়েভ মিডিয়ার ‘গুড মর্নিং বাংলাদেশ’ প্রজেক্টে অভিনয় করেছেন তিনি। এতে নওশাবা এক কানাডিয়ান পর্যটকের গাইডের চরিত্রে অভিনয় করেছেন।
অভিনয়ের মানুষ নওশাবা এবার গানের ভুবনেও আসছেন। স্বামী আহমেদ এহ্সানুর রহমান জিয়ার সঙ্গে ‘স্কারলেট স্কাই’ নামের একটি অ্যালবাম বের করবেন তিনি। গানগুলো লিখেছেন নওশাবা ও সংগীতায়োজন করছেন জিয়া। অ্যালবামটি আগামী বছর আসবে।
চারুকলার ড্রয়িং অ্যান্ড পেইন্টিংয়ের ছাত্রী নওশাবা সুযোগ পেলে আঁকাআঁকি করেন। মনের মাধুরী মিশিয়ে প্রকৃতি ও যাপিত জীবনের ছবি আঁকেন।
নওশাবার ব্যস্ততা মেয়ে প্রকৃতিকে ঘিরে। নওশাবা বলেন , “সন্তানের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। প্রকৃতিকে ঘিরেই আমার সবকিছু। প্রকৃতি যতটা আলো-বাতাস দরকার সে ততটুকু পাবে। কখনও নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেব না। নিজেকে পরিশীলিত মানুষ হিসেবে গড়ে তুলবে সে-- এই আমার স্বপ্ন। ”
