রাগী সেই যুবক আর শ্যামলা সুন্দরী
জন্মটা এক দিনের ব্যবধানে হলেও বয়সের ফারাক এক যুগের। তারপরও পর্দায় তাদের দেখে মনে হতো একে অন্যের জন্যই জন্মেছেন। কথা হচ্ছে রেখা আর অমিতাভ বচ্চনকে নিয়ে।
অমিতাভের জন্ম ১৯৪২ সালের ১১ই অক্টোবর। আর রেখার জন্ম ১৯৫৪ সালের ১০ই অক্টোবর। সেলুলয়েডে প্রতিষ্ঠা পাওয়ার সংগ্রাম এবং অসামান্য অভিনয় প্রতিভার দিক থেকে দুজনের মিল থাকলেও পারিবারিক জীবন ও মানসিক গঠনে দুজনকে বিপরীত মেরুরই বলা চলে। তবুও হিন্দি সিনেমার এই জুটির নাম একসঙ্গে উচ্চারিত হবে সবসময়ই।
৭২-এ পা দিয়েছেন অমিতাভ। আজও বলিউডের ‘শাহেনশাহ'র আসন দখল করে রেখেছেন সগৌরবে। বড় ও ছোট পর্দায় অভিনয় আর উপস্থাপনা করছেন চুটিয়ে। অ্যাওয়ার্ড আসরগুলোতে সবসময়ই হাজির থাকেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভীষণ সক্রিয়।
রেখা পূর্ণ করেছেন জীবনের ষাট বছর। এখনও হিন্দি সিনেমার সেরা সুন্দরী এই অভিনেত্রী অনেকটাই নিভৃতচারী, চলচ্চিত্রেও খুব একটা দৃশ্যমান নন আজকাল।
অমিতাভের জন্ম ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদে। বাবা হরিবংশ রাই বচ্চন ও মা তেজি বচ্চনের ছায়ায় কেটেছে শৈশব। বাবার প্রকৃত উপাধি ছিল শ্রীবাস্তব। কিন্তু কবি হরিবংশ তার পৈতৃক উপাধির পরিবর্তে বচ্চন নামটি বেছে নেন লেখক হিসেবে।
১৯৬৯ সালে সুযোগ এলো মৃণাল সেনের ‘ভুবন সোম’ ছবিতে নেপথ্য কণ্ঠদানকারী হিসেবে। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। এর পর তিনি খাজা আহমেদ আব্বাস পরিচালিত ‘সাত হিন্দুস্থানি’ ছবিতে সাত ভাইয়ের একজনের ভূমিকায় অভিনয়ের সুযোগ পান। ১৯৭১ সালে সুযোগ এল হৃষিকেশ মুখার্জির ‘আনন্দ’ ছবিতে অভিনয়ের। মূল নায়ক রাজেশ খান্না। ক্যান্সারের রোগী রাজেশ খান্নার ডাক্তার ও বন্ধুর ভূমিকায় অমিতাভ। প্রথম ফিল্মফেয়ার পুরস্কারটি বাগিয়ে নেন এ সিনেমা থেকেই। ১৯৭১ সালেই প্রথম নেতিবাচক চরিত্রে অভিনয় ‘পরওয়ানা’ ছবিতে। ১৯৭২ সালে ‘বোম্বে টু গোয়া’ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেন অরুণা ইরানির বিপরীতে। হাসির এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অবশ্য ছিলেন মেহমুদ। এসময় বেশ কয়েকটি ছবিতে ছোটখাটো ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ। কিন্তু কোনোটিই তেমন নজর কাড়তে পারেনি।
১৯৭৩ সালে প্রকাশ মেহরা পরিচালিত ‘জাঞ্জির’ মুক্তি পেল। নায়ক অমিতাভ বচ্চন, বিপরীতে জয়া ভাদুরী। সেলিম-জাভেদের চিত্রনাট্যে এ সিনেমার জন্য নতুন মুখ খুঁজছিলেন প্রকাশ মেহরা। এ সিনেমাই গড়লো ইতিহাস। হিন্দি সিনেমা পেল ‘অ্যাংগ্রি ইয়াং ম্যান’কে। সুপারহিট হলো ‘জাঞ্জির’। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি বিগ বিকে।
‘নমক হারাম’ ছবিতে আবার জুটি বাধলেন রাজেশ খান্নার সঙ্গে। দ্বিতীয় ফিল্মফেয়ার পুরস্কার পেলেন পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেতা হিসেবে। ‘ফারার’, ‘অভিমান’, ‘মিলি’, ‘মজবুর’ সবগুলো ছবিই ব্যবসা সফল হলো।
১৯৭৫ সালে অমিতাভের ক্যারিয়ার এবং বলিউডের ইতিহাস বদলে দেওয়া দুটি চলচ্চিত্র মুক্তি পায়। একটি ইয়াশ চোপড়া পরিচালিত ‘দিওয়ার’ এবং অন্যটি রমেশ সিপ্পির ‘শোলে’। ‘দিওয়ার’ এবং ‘শোলে’কে বলা চলে বলিউডের সর্বকালের সেরা চলচ্চিত্রের মধ্যে অন্যতম। কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে যান অমিতাভ বচ্চন। সত্তর ও আশির দশকে বলিউডে তার একচ্ছত্র রাজত্ব। তার চারপাশে অন্য নায়কদের প্রায় চোখেই পড়ে না। ভারতের চলচ্চিত্র জগতের সবগুলো পুরস্কারই জমা হয়েছে তার ঝুলিতে একাধিকবার।
রেখার জন্ম চেন্নাইতে। বাবা ছিলেন তামিল ছবির নামকরা নায়ক জেমিনি গনেষণ, মা তেলেগু ছবির অভিনেত্রী পুষ্পাবলী। কিন্তু তারা বিবাহিত দম্পতি ছিলেন না। ফলে জেমিনি গনেষণ রেখার পিতৃত্ব স্বীকার করেননি বহু বছর। রেখা এবং তার বৈমাত্রেয় বোনেরা একই স্কুলে পড়তেন। ছোট্ট রেখার চোখে পড়তো বাবা প্রায়ই গাড়িতে করে বোনদের নিয়ে আসেন স্কুলে কিন্তু রেখার দিকে ফিরেও তাকান না।
১৯৭০ সালে মুক্তি পায় তার প্রথম হিন্দি ছবি ‘শাওন ভাদোঁ'। যদিও এর আগে আরেকটি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন তিনি । সেটি মুক্তি পায় অনেক পরে। সে বছর তার অভিনীত তামিল ছবি ‘আম্মা কসম’ও মুক্তি পায়। ‘শাওন ভাদোঁ’র বাণিজ্যিক সাফল্য রেখাকে রাতারাতি হিন্দি ছবির তারকাতে পরিণত করে। একের পর এক ছবিতে অভিনয় করতে থাকেন। তবে সে সময় তার অভিনয় প্রতিভা কাউকে টানেনি। পরিচিতি পেয়েছিলেন মূলত নাচ ও শরীরি আবেদনের জন্য। ১৯৭৩ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে পর্দা ভাগাভাগি করে নেন ‘নমক হারাম’ সিনেমায়। ১৯৭৬ সালে ‘দো আনজানে’ সিনেমায় প্রথম জুটি বাঁধেন তারা।
সে সময় থেকেই নিজেকে পালটাতে শুরু করেন রেখা। যোগ ব্যায়াম, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সঠিক পরিচর্যা, মেক-আপ, রুচিশীল পোশাক, কথন ভঙ্গি - সব মিলিয়ে নিজেকে আমূল বদলে ফেলেন তিনি। দক্ষিণী গ্রাম্য তরুণী থেকে হয়ে ওঠেন বলিউড সুন্দরী। অমিতাভের সঙ্গে তার জুটি দর্শক সমাদৃত হয়। ‘মিস্টার নটবরলাল’, ‘মুকাদ্দার কা সেকান্দার’, ‘ইমান ধরম’ বাণিজ্যিক সাফল্য পায় দারুণভাবে। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া প্রকাশ মেহরার ‘মুকাদ্দার কা সেকান্দার’ সে বছর এবং সে দশকের সেরা ব্যবসাসফল ছবি। ছবিতে জোহরা চরিত্রে রেখার অভিনয়ও ছিল অসাধারণ। ধারণা করা হয় এ সময়ই বাস্তবজীবনে তাদের রোমান্স জমে ওঠে। অমিতাভ তখন বিবাহিত। ১৯৭৩ সালেই তিনি বিয়ে করেছেন হিন্দি সিনেমার প্রতিষ্ঠিত অভিনেত্রী জয়া ভাদুরীকে।
সত্তরের দশকে রেখা শুধু বাণিজ্যিক ছবির সফল তারকা হিসেবেই নয়, অভিনয় প্রতিভার জন্যও খ্যাতি পান। বিশেষ করে ১৯৭৮ সালে ‘ঘর’ ছবিতে ধর্ষণের শিকার এক গৃহবধূর চরিত্রে তার অসামান্য অভিনয় দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। ‘খুবসুরাত’, ‘উমরাও জান’, ‘এক হি ভুল’, ‘বাসেরা’, ‘জীবনধারা’ রেখাকে একদিকে যেমন বলিউডের সেরা নায়িকার আসন দেয় তেমনি সর্বকালের সেরা অভিনেত্রীদের তালিকায় তার নামটি পাকা করে। বিশেষ করে ‘উমরাও জান’ হিন্দি সিনেমার ক্ল্যাসিকে পরিণত হয়। পুরস্কারও মেলে একাধিক।
১৯৮১ সালে ইয়াশ চোপড়া পরিচালিত ‘সিলসিলা’ ছবিতে অভিনয় করলেন জয়া-অমিতাভ-রেখা। পরকীয়া প্রেমভিত্তিক এ ছবিতে অমিতাভের স্ত্রীর চরিত্রে জয়া এবং প্রেমিকার ভূমিকায় রেখা। ছবিটিকে চোপড়ার সেরা সিনেমাগুলোর একটি হিসেবে ধরা হয়।
১৯৮২ সালে ‘কুলি’ ছবির শুটিংয়ে মারাত্মক আঘাত পান অমিতাভ। জীবনমৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে পার করেন দিনের পর দিন। হাসপাতাল থেকে ফিরে নতুনভাবে দাম্পত্যজীবনে প্রবেশ করেন অমিতাভ। বলা হয়ে থাকে সে সময়ই রেখার সঙ্গে সম্পর্কের পাট চুকিয়ে ফেলেন সিনিয়র বচ্চন। জয়া ও সন্তানদের নিয়ে নিজস্ব জগত গড়ে তোলেন। আর কখনও কারও সঙ্গে তার রোমান্টিক সম্পর্কের গুঞ্জন পযর্ন্ত শোনা যায়নি। রেখাও নিজেকে দূরে সরিয়ে নেন। বহু বছর পরে সিমি গারেওয়াল উপস্থাপিত টিভি অনুষ্ঠান ‘রঁদেভুঁ উইথ সিমি গারেওয়াল’-এ তিনি বলেন, ভারতের কোটি কোটি মানুষের মতো তিনিও অমিতাভ বচ্চনকে ভালোবাসেন। বিশেষ করে সহশিল্পী হিসেবে খুব কাছ থেকে তাকে দেখার সুযোগ হওয়ার পর তাকে ভালো না বাসা অসম্ভব। তবে তিনি কখনও তার ও বিশেষ করে দিদিভাইয়ের(জয়া) সংসারের ক্ষতি করতে চাননি। তিনি দূর থেকেই অমিতাভকে ভালোবাসেন। যখন কোনো অনুষ্ঠানে দুজনের দেখা হয় তখন অমিতাভ তার কুশল জানতে চান তাতেই প্রাপ্তির সার্থকতায় ভরে যায় তার মন।
স্বামী মুকেশ আগরওয়ালের মৃত্যুর পর নিঃসন্তান রেখা একাকী পথ চলছেন। মুম্বাইয়ের বান্দ্রায় তার বাড়িতে একা বসবাস করেন তিনি। নব্বইয়ের দশকের শেষ দিকে চরিত্রাভিনেত্রী হিসেবে বিভিন্ন ছবিতে অভিনয় করেন রেখা। নতুন সহস্রাব্দে ‘কোই মিল গ্যায়া’, ‘কৃষ’সহ বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে তাকে। খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে রেখার নতুন সিনেমা ‘সুপার নানি'
রেখা ও অমিতাভ বলিউডের দুই কিংবদন্তি। ‘সিলসিলা’র পর আর কখনও পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাদের। সামাজিক অনুষ্ঠানগুলোতেও পরস্পরকে এড়িয়ে চলেন তারা। তারপরও হিন্দি সিনেমার সেরা রোমান্টিক জুটি হিসেবে তাদের নাম একসঙ্গেই গাঁথা রইবে।
