২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাল পুরোনো, কিন্তু ভাত বাড়েনি

‘অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট’- বহুল ব্যবহৃত এই প্রবাদবাক্যটির যথার্থতা মিলবে সম্প্রতি মুক্তি পাওয়া বহুতারকাসমৃদ্ধ হলিউডি মুভি ‘দ্য এক্সপেন্ডেবলস থ্রি’ - দেখলেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 12:31 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

আশি এবং নব্বইয়ের দশকের অ্যাকশন আইকনদের সঙ্গে এই প্রজন্মের মারকুটে অভিনয়শিল্পীদের অনেকেই ছিলেন সিনেমায়। কিন্তু এত তারকার দ্যুতি আর মশলাদার অ্যাকশন থ্রিলারের লোভ দেখালেও প্রত্যাশা পূরণ করতে পারেনি সিনেমাটি।
 

পুরনো শত্রুর সঙ্গে বোঝাপড়া

এবারে কিস্তির গল্পটার শুরু সোমালিয়ায়। বার্নি রস এবং তার এক্সপেন্ডেবলদের দল অভিযানে নামে তাদেরই এক সাবেক সঙ্গী ড. ডেথকে বাঁচাতে, যে বন্দী রয়েছে শত্রুশিবিরে। কিন্তু ঘটনাচক্রেই বানর্ির চোখে পড়ে তাদেরই এক পুরনো শত্রু অস্ত্র ব্যবসায়ী কনরাড স্টোনব্যাঙ্কসকে, যাকে মৃত ভেবেচিল তারা। এবার তাকে ঠেকানোর জন্য এক্সপেন্ডেবলতের অভিযান ব্যবস্থাপক ম্যাক্স ড্রামার আঁটে নতুন এক ছক। বুড়িয়ে যাওয়া সদস্যদের রেখে বানর্ি দেশে দেশে ঘুরে নতুন সদস্য জোগাড় করে। এবার এক আত্মঘাতী মিশনের মুখোমুখি হওয়ার পালা।

তারকাদের পতন

‘দ্য এক্সপেন্ডেবলস থ্রি’র কলাকুশলীদের তালিকা দেখে ভিড়মি খেতে পারেন যে কেউই। আগের দুই সিনেমায় থাকা সিলভেস্টার স্ট্যালোন, জেসন স্ট্যাথাম, আরনল্ড শোয়ার্জনেগার, ডলফ লান্ডগ্রেন, র‍্য্যান্ডি ক্যোটুর তো ছিলেনই; এই কিস্তিতে আরও যোগ হয়েছেন মেল গিবসন, হ্যারিসন ফোর্ড, জেট লি, অ্যান্টোনিও ব্যান্ডারাস, ওয়েসলি স্নাইপস-এর মত তারকা। নতুনদের মধ্যে ছিলেন গ্লেন পাওয়েল, ভিক্টর অরটিজ এবং রন্ডা রাউসি।

আশি-নব্বইয়ের দশক যারা অ্যাকশন দিয়ে মাতিয়ে রেখেছিলেন পুরো পুরো বিশ্বকে, তারাই যেন তাদের ক্যারিয়ারের ছায়া হয়ে ছিলেন এই সিনেমাতে।

মাত্র দুই ঘন্টা দশ মিনিটে এত তারকার প্রতি সুবিচার করাটা কঠিনই নয় দুঃসাধ্যই বটে। এক এক জন তারকার জন্য বরাদ্দ সময়টা কিছু বুঝে ওঠার আগেই খতম। বলতে গেলে পুরো সিনেমা একাই টেনেছেন সিলভেস্টার স্ট্যালোন। কিন্তু অভিনয় নৈপুণ্য খুব একটা দেখাতে পারেননি তিনি।

বাকি তারকাদের অভিনয়ও বলাই বাহুল্য ছাপ ফেলতে পারেনি। এটাই শুধু বলা যায়, এত ব্যর্থতার ভিড়ে কেবল অ্যান্টোনিও ব্যান্ডারাস যতক্ষণ পর্দায় ছিলেন বিনোদনের খোরাক যুগিয়েছেন।

পর্দার পেছনের বেহাল দশা

‘দ্য এক্সপেন্ডেবলস থ্রি’ পরিচালনার ভারটা ছিল প্যাট্রিক হিউজের মত উঠতি একজন পরিচালকের হাতে। প্রত্যাশার বিশাল চাপ বহনে তার অক্ষমতা ফুটে উঠেছে সিনেমায় বিভিন্ন অসামঞ্জস্য আর ক্যামেরার কাজের অদক্ষতা দেখেই।

গল্পের শুরু-শেষ কিংবা ক্লাইম্যাক্স- কোথাও সাফল্য দেখাতে পারেননি হিউজ। যেন কাজ চালিয়ে নেওয়ার মতো গতানুগতিক এক গল্প দাঁড় করিয়েই ভারমুক্ত হতে চেয়েছেন তিনি।

সিনেমার চিত্রনাট্য এবার নিজেই লেখেছেন সিলভেস্টার স্ট্যালোন। নাহ, ‘রকি সিরিজে’র মত আহামরি কিছুই করতে পারেন নি। সিনেমার গাঁথুনিই ছিল নড়বড়ে। সোমালিয়া থেকে রোমানিয়াতে এক্সপেন্ডেবলদের ঘুরে বেড়ানো কিংবা অ্যাকশন সিকোয়েন্সে গল্পের মোড়টা ছিলই খুবই নিচু মানের। এত তারকা দলে ভিড়িয়েও তাদের পর্দায় না দেখানোটাই ছিল সবচেয়ে বড় বুমেরাং। দর্শকরা যাদের দেখার জন্য টিকেট কেটে হলে ঢুকেছেন তাদেরই যদি ঠিকঠাক দেখতে না পারেন, সেটা আসলেই হতাশাজনক।

সিনেমায় সংলাপের ব্যাবহারও ছিল হতাশাজনক। ছিল না কোনো বুদ্ধিদীপ্ত হাস্যরস মেশানো কথার জাদু কিংবা এক লাইনের ক্যাচ ফ্রেইজ। সিনেমা দেখে মনে হওয়াটাই স্বভাবিক, নির্মাতারা কেবল শারীরিক কসরতের বাহুল্য দিয়েই সিনেমাটি টেনে নেওয়ার চেষ্টা করে গেছেন।

শারীরিক কসরতের ব্যাপারটা যেহেতু উঠল, এবারের এক্সপেন্ডবল কিস্তিতে আরেকটি নেতিবাচক দিক হচ্ছে অ্যাকশন সিকোয়েন্সগুলোর নিচু মানের এডিটিং। স্টান্ট ডাবলদের দৃশ্যগুলোতে এতটাই অদক্ষতার সঙ্গে কাঁচি চালানো হয়েছে যে সিনেমার গতি তা অনেকটাই কমিয়ে দিয়েছে। একই ঘটনা ঘটেছে স্পেশাল ইফেক্টস এবং সিজিআই-এর ক্ষেত্রেও। এমনকি বিস্ফোরনগুলোর কৃত্রিমতাও ফুটে উঠেছে। 

গল্পের খুঁটি-নাটি

মধ্য আফ্রিকা এবং ইউরোপে অস্ত্র ব্যবসা ও চোরাকারবারীর উপর ভিত্তি করেই এবারের সিনেমার গল্পটি এগিয়েছে। ‘এসেছে নতুন শিশু, তাকে করে দিতে স্থান’-এই মমর্েই যেন প্রবীণ তারকাদের রেখে নতুন অভিনেতাদের সিনেমায় প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। তবে শেষ পর্যন্ত মূল দায়িত্বটা গ্রহণ করতে হয়েছে বুড়োদেরই। সিনেমায় দেশসেবায় নারীদের অবদানটাও তুলে ধরা হয়েছে যার প্রতিনিধিত্ব করেছেন আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ অর্থাৎ ইউএফসি চ্যাম্পিয়ন রন্ডা রাউসি। 

সবশেষ

কাহিনি দুর্বল, অভিনয়ও যাচ্ছেতাই - এতকিছুর পরও দর্শকরা সিনেমাটি দেখছেন, তার কারণ তারকাদের মহাসমারোহ। হলে মুক্তির আগেই অনলাইনে মুক্তি পেয়ে যাওয়ার পরও ব্যবসার দিকে খুব একটা মার খায় নি সিনেমাটি। বিশ্বজুড়ে আয় করেছে ২০ কোটি মার্কিন ডলারেরও বেশি। তবে সমালোচকরা সিনেমাটি দেখে ভ্রু কুঁচকেছেন। রোটেন টমেটোতে ৩৩ শতাংশ ভোট এবং মেটাক্রিটিকে অসংখ্য সমালোচনাই তার প্রমাণ।