২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ দশ সিনেমা

সিনেমার মাধ্যমে উঠে আসে পরিচালকের নিজস্ব দৃষ্টিভঙ্গি। চলচ্চিত্রের এই বিষয়টি বরাবরই বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ যদিও সিনেমাকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবেই দেখেছেন, অনেক ক্ষেত্রেই সিনেমাকে হুমকি হিসেবে দেখা হয়েছে। 

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 02:25 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

সামাজিক এবং ধর্মীয় আচারের পার্থক্যের কারণে প্রায়ই মধ্যপ্রাচ্যে এসে বাঁধার মুখে পড়েছে পশ্চিমাদের বানানো সিনেমা। এমনই দশ বিতর্কিত সিনেমা নিয়ে এবারের আয়োজন। মার্কিন পরিচালক, চিত্রনাট্যকার এবং সাংবাদিক মার্ক টপসনের দেয়া এই তালিকা অবলম্বনে লিখেছেন জেনিফার ডি প্যারিস।  

১০. নট উইদাউট মাই ডটার

"তুমি এখন আমার দেশে আছ, আমি যা বলবো তাই শুনতে হবে!"

কেমন হবে যদি আপনার জীবনসঙ্গী হঠাৎ করেই পাল্টে যায়? অজানা এক দেশে, অচেনা মানুষের মাঝে নিজের ছোট্ট মেয়েটিকে নিয়ে পালানোর পথ খোঁজা যদি হয়ে ওঠে একমাত্র লক্ষ্য? মার্কিন এক নারীর ভাষ্যে এমনটাই ঘটেছিল তার জীবনে।

ইরানি স্বামীর সঙ্গে প্রথমবারের মত শ্বশুরবাড়ি গিয়ে বেটি জানতে পারে, আর কখনও বাড়ি ফেরা হবে না তার। পশ্চিমে বেড়ে ওঠা বেটির জন্য প্রতিটি মুহূর্ত ভরে ওঠে সন্দেহ আর আশঙ্কায় ।  

মার্কিন নারী বেটি মাহমুদির লেখা উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত ‘নট উইদাউট মাই ডটার’ মুক্তি পায় ১৯৯১ সালে। বক্স-অফিসে তেমন ভালো করতে না পারলেও বিতর্কিত এবং সমালোচিত হয় এর কাহিনি।

ইরানি জনগণ এবং তাদের সংস্কৃতিকে সম্পূর্ণ নেতিবাচকভাবে এই সিনেমাতে তুলে ধরা হয়েছে—এমন অভিযোগ ওঠে। এমনকি কঠোর সমালোচনা করে নিউ ইয়র্ক টাইমসও। সেই সঙ্গে সিনেমাটি নিষিদ্ধ হয়ে যায় ইরানে। 

৯. দ্য ম্যাট্রিক্স রিলোডেড

হ্যাঁ, অনেকটা অবাক করার মত ব্যাপার হলেও সাইফাই ঘরানার এই সিনেমাটি মিশরে নিষিদ্ধ। ২০০৩ সালে ১৫ সদস্যের এক সেন্সর কমিটি গঠন করে, মিশর সরকার শেষমেশ এই সিদ্ধান্ত নেয়।

কারণ হিসেবে তারা জানায়, "উচ্চমাত্রার প্রযুক্তি এবং উন্নতমানের স্পেশাল ইফেক্টের কাজ থাকা সত্ত্বেও সিনেমাটির গোড়াতেই রয়েছে গলদ। এখানে সৃষ্টির প্রচলিত ধারণাকে অস্বীকার করা হয়েছে, যা প্রধান তিন ধর্মের বিরোধী।"

ম্যাট্রিক্স সিরিজের প্রথম সিনেমা প্রদর্শনের পরপরই শুরু হয় এই বিতর্ক। সিনেমাটি দেখার পর মিশরের অনেকেই বলেছিলেন, এতে ‘ইহুদিবাদের গন্ধ’ পাওয়া যাচ্ছে। এমনকি সিনেমাটির প্রদর্শনী বন্ধের জন্য আন্দোলনও করে মিশরীয় সাংবাদিকরা।  

৮. আলেকজান্ডার  

অলিভার স্টোনের পরিচালনায় ঐতিহাসিক পটভূমিতে তৈরি এই সিনেমাটির কাহিনি ছিল আলেকজান্ডার দ্য গ্রেটকে নিয়ে। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘আলেকজান্ডার’ বক্স-অফিসে উষ্ণতা ছড়াতে ব্যর্থ হলেও ইরানে জ্বলে উঠে প্রতিবাদের আগুন।

আলেকজান্ডারের পারস্য দখলের কাহিনী নিয়ে আপত্তি ছিল ইরানের সরকারপ্রধান আহমাদিনেযাদের। এছাড়াও সিনেমাটিতে উঠে আসে আলেকজান্ডারের সঙ্গে তার শৈশবের বন্ধু হেফাইসশনের সমকামিতার গল্প যা ভালো চোখে দেখা হয়নি। পরিণতি, ইরানে নিষিদ্ধ হয় সিনেমাটি। 

৭. থ্রি হান্ড্রেড

আবারও ইরানের সঙ্গে মার্কিন সিনেমার রেষারেষি। ফ্যান্টাসি ধাঁচের এই যুদ্ধবিষয়ক সিনেমাটির কাহিনি গড়ে উঠেছে পারস্য অঞ্চলের বিখ্যাত থারমোপাইলির যুদ্ধ নিয়ে। ইতিহাস অনুযায়ী, এই যুদ্ধে পারস্যের জয় হলেও গ্রীকদের বীরত্বের গান গাওয়া হয় সিনেমায়।

২০০৭ সালে মুক্তি পাওয়া জ্যাক স্নাইডারের পরিচালিত ‘থ্রি হান্ড্রেড’ বিশ্বব্যাপী ব্যাপক সাড়া পেয়েছে, কিন্তু ফুঁসে উঠেছে ইরান। সিনেমাটি মুক্তির পর তেহরানের এক পত্রিকার শিরোনাম ছিল 'ইরানি জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল হলিউড’।

ইরানের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাভাদ শামঘাদ্রি বলেন, ‘থ্রি হান্ড্রেড’-এর মাধ্যমে ইরানকে রীতিমত ‘অপমান’ করছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইতিহাস বিকৃত করারও অভিযোগ তোলেন তিনি।

৬. দ্য কিংডম

হলিউডের গতানুগতিক স্পাই থ্রিলারগুলোর মত ‘দ্য কিংডম’-এও মধ্যপ্রাচ্যকে দেখানো হয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসের ঘাঁটি হিসেবে। 

অস্কারজয়ী অভিনেতা জেমি ফক্স এবং জেনিফার গারনার অভিনীত ‘দ্য কিংডম’-এর শুটিং হয়েছে সৌদি আরবে। এর কাহিনিও গড়ে উঠেছে সৌদি এক সন্ত্রাসী দলের সঙ্গে মার্কিন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ইঁদুর-বিড়াল খেলাকে কেন্দ্র করে।

বিশ্বব্যাপী সফল হয় ‘দ্য কিংডম’, মুক্তি পায় সৌদি আরবেও। কিন্তু আরব জাতিকে এখানে নেতিবাচক ভূমিকায় দেখানোর কারণে বেঁকে বসে সৌদির প্রতিবেশী দুই রাষ্ট্র কুয়েত এবং বাহরাইন।

৫. নোয়াহ   

মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হওয়া হলিউডি সিনেমাগুলোর তালিকায় সাম্প্রতিক সংযোজন হল ‘নোয়াহ’। রাসেল ক্রো এবং এমা ওয়াটসন অভিনীত এই বড় বাজেটের সিনেমা নিয়ে দর্শকের প্রত্যাশা ছিল অনেক বেশি। বিবলিকাল কাহিনিকে সেলুলয়েডে আবদ্ধ করার চেষ্টা করেছেন ‘ব্ল্যাক সোয়ান’ খ্যাত পরিচালক ড্যারেন আরোনফস্কি।

কিন্তু মুক্তির ঠিক আগেই বিতর্কের মুখে পড়ে ‘নোয়াহ’। নিষিদ্ধ হয় সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইনে। ইউএইর এক পত্রিকায় বলা হয়, "সিনেমাটিতে এমন কয়েকটি দৃশ্য আছে, যা বাইবেল এবং কুরআনের সঙ্গে খাপ খায় না। এই দুটি ধর্মের অনুসারীদের সম্মান রক্ষার্থে আমরা সিনেমাটি প্রদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছি।"

এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ‘নোয়াহ’ প্রদর্শিত হয় নানা কাটছাঁটের পর। ওদিকে মধ্যপ্রাচ্যের দেখাদেখি ‘নোয়াহ’কে নিষিদ্ধ করে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াও।

৪. সেক্স অ্যান্ড দ্য সিটি টু      

সিনেমাটির প্রেক্ষাপট আবু ধাবি হলেও এর শুটিং হয় মরক্কোতে। কারণ আবু ধাবির বাজারে সংক্ষিপ্ত পোশাকে স্বর্ণকেশী নারীদের ঘুরে বেড়ানো কিংবা মরুভূমির মাঝে বাঁধভাঙ্গা যৌনমিলন—শহরটির সংস্কৃতির সঙ্গে ঠিক মানানসই নয়।

এমন কারণ দেখিয়েই সিনেমাটি নিষিদ্ধ করে সংযুক্ত আরব আমিরাত। এক বিবৃতিতে দেশটি জানায়, "এই সিনেমা আরব আমিরাতে কখনও প্রদর্শিত হবে না। কারণ এর মূল ভাবনার সঙ্গে আমাদের সংস্কৃতি খাপ খায় না।"

বক্স-অফিস মাতালেও এতে মুসলিম বিশ্বকে নেতিবাচক ভাবে তুলে ধরা হয়েছে - এমন সমালোচনার মুখে পড়ে ‘সেক্স অ্যান্ড দ্য সিটি টু’। সিনেমাটিকে ‘ভয়াবহ রকমের ইসলামবিরোধী’ বলে আখ্যায়িত করে হলিউড রিপোর্টার।

৩. বডি অফ লাইজ

রিডলি স্কটের সিনেমা ‘বডি অফ লাইজ’- এ সিআইএ এজেন্ট হিসেবে অভিনয় করেছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং রাসেল ক্রো। তবে অন্যান্য স্পাই থ্রিলারের মত এখানে শুধু মধ্যপ্রাচ্যকে খলনায়ক বানানো হয়নি, বরং উঠে এসেছে সিআইএর ভেতরের দুর্নীতিও।

সিনেমায় দেখানো হয় ইরান আন্তর্জাতিক মাদক সন্ত্রাসের ঘাঁটি যা ক্ষুব্ধ করে দেশটির সরকারকে। তবে এটাই ‘বডি অফ লাইজ’ ইরানে নিষিদ্ধ হবার একমাত্র কারণ ছিল না।

এই সিনেমায় ডিক্যাপ্রিওর প্রেমিকার চরিত্রে দেখা যায় ইরানি অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানিকে। হিজাব ছাড়া পর্দায় উপস্থিত হবার কারণে তাকে তোপের মুখে পড়তে হয়। কিছু সময়ের জন্য ইরান থেকে বের হওয়াই নিষিদ্ধ হয় ফারাহানির জন্য, জবাবদিহি করতে হয় দেশটির গোয়েন্দা সংস্থার কাছেও।

২. পারসেপোলিস 

অ্যানিমেটেড এই সিনেমাটি তৈরি হয়েছিল ফ্রান্স এবং ইরানের যৌথ উদ্যোগে। ইরানে ইসলামী অভ্যুত্থানের পটভূমিতে রচিত ‘পারসেপোলিস’-এর কাহিনি ছিল ছোট্ট একটি মেয়েকে নিয়ে।

আত্মজীবনীমূলক সিনেমাটি সমালোচকদের কাছে প্রশংসিত হয়, মনোনীত হয় অস্কারের জন্যেও। কিন্তু ইরান সরকার এ সিনেমার গায়ে লাগায় ‘ইসলামী অভ‍্য্যুত্থানবিরোধী’র তকমা।

দেশটির সম্প্রচার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়, "এই সিনেমাটি ‘থ্রি হান্ড্রেড’-এর চাইতেও বেশি ভয়াবহ। কারণ এতে বাস্তব কিছু ঘটনা বিকৃত করা হয়েছে। সিনেমার বেশিরভাগই অংশই পরিচালকের কল্পনাপ্রসূত।"

প্রাথমিকভাবে সিনেমাটি নিষিদ্ধ হয় লেবাননেও, তবে পরে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়। কয়েক বছর পর তিউনিসিয়াতে সিনেমাটি প্রদর্শন করে একটি বেসরকারি টিভি চ্যানেল। ইসলামী আন্দোলনকারীদের তোপের মুখে শেষমেশ মোটা অংকের জরিমানা দিতে হয় তাদের।

১. দ্য স্টোনিং অফ সোরাইয়া এম

পরকীয়ার অভিযোগে ইরানি এক নারীকে দেওয়া হয় পাথর ছুঁড়ে মৃত্যুর শাস্তি । সত্য ঘটনা অবলম্বনে ‘দ্য স্টোনিং অফ সোরাইয়া এম’ নির্মাণ করেন ইরানি বংশোদ্ভূত মার্কিন পরিচালক সাইরাস নৌরাস্তেহ। ইরানে ইসলামী অভ্যুত্থানের পরপরই ঘটেছিল ঘটনাটি।

২০০৮ সালে যখন সিনেমাটি মুক্তি পায়, তখনও এ ধরনের শাস্তির ব্যবস্থা সক্রিয় ছিল ইরানে। ‘দ্য স্টোনিং অফ সোরাইয়া এম’ মুক্তির পর ইরান সরকারের ওপর এই ধরনের শাস্তি দেওয়ার প্রক্রিয়া বন্ধ করার অথবা পুনবর্িবেচনা করার দাবী জানানো হয় বহির্বর্িশ্বের তরফ থেকে।

সিনেমাটি ইরানে নিষিদ্ধ।