‘বাংলাদেশের ভাবমূর্তি উন্নত হয়েছে’
জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত কনসার্টে অংশ নেওয়ায় ফোক-রক ঘরানার ব্যান্ড লালনকে সম্মাননা জানিয়েছে ব্যান্ড দলগুলোর নতুন সংগঠন সোসাইটি অফ মিউজিক্যাল ব্যান্ড বাংলাদেশ (এসএমবি)।
বুধবার ধানমন্ডির জার্মান কালচারাল সেন্টারে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানটি প্রসঙ্গে লালন ব্যান্ডের প্রধান থিন হান মং তিতি বললেন, “অনুষ্ঠানটিকে মূলত অভিজ্ঞতা বিনিময়ের উপলক্ষ হিসেবেই দেখেছি আমরা।”
তিতি আরও বলেন, “আমরা একটা ক্রেস্ট পেয়েছি। অনুষ্ঠানের বড় ব্যাপার ছিল বর্ষীয়ান শিল্পী ও নবীন শিল্পীদের সংগীত নিয়ে ধারণা বিনিময়।”
“বাংলাদেশের সংগীতের বর্তমান, অতীত ও ভবিষ্যত নিয়ে কথা হয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্বাবিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক রোকেয়া সুলতানা, রেনেসাঁ ব্যান্ডের সদস্য ও বামবার প্রতিষ্ঠাতাদের একজন ফায়সাল সিদ্দিকী বগি ও এসএমবির সদস্যবৃন্দ।
তিতি বলেন, “অনুষ্ঠানে সবাই অত্যন্ত আন্তরিক ও স্বতঃস্ফুর্তভাবে কথা বলেছেন। সবার কথায় একটা বিষয় স্পষ্ট— নতুন কিছু উপহার দিতে হবে সংগীতপ্রেমীদের।”
“বগি ভাইয়ের একটা কথা বলতে হয়। তিনি বলেছেন— বাংলাদেশকে সন্ত্রাসী দেশ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছে সাম্প্রতিক সময়ে। লালনের অংশগ্রহণে আশা করি সে সংশয় কিছুটা দূর হবে বিশ্ববাসীর।”
“কারণ— লালন সাঁইজির দর্শনে জাতি, ধর্ম, বর্ণের বিভেদ নেই। আর আমরা সেই সাঁইজির বাণীকেই ধারণ করে গান করছি। আর যে দেশে এমন ব্যাক্তিত্ব জান্মায় সে দেশে ধর্মীয় সন্ত্রাস নিশ্চয় থাকতে পারে না।”
অনুষ্ঠানের শেষে ছিল লালনের পরিবেশনা। লালনের সঙ্গে ‘ট্রিবিউট টু ফরিক লালন’ প্রজেক্টের বাউল শিরিন আখতারও মঞ্চে ওঠেন।
তিতি জানান, প্রজেক্টটি শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে।
“সাধারণভাবে বিশ্বের সব সংগীতকে এক কাতারে নিয়ে আসার উদ্দেশ্যে প্রজেক্টটি শুরু করি আমরা। এর প্রথম প্রদর্শনী হয়েছে বুধবার সন্ধ্যায়।”
অনুষ্ঠান আয়োজকদের প্রতি ধন্যবাদ জানান তিতি, “ইন্ডাস্ট্রিতে সবাইকে প্রতিযোগী মনে করা হয়। কিন্তু আমার প্রথম দেখা, এমন একটি উদ্যোগ সবার দৃষ্টিভঙ্গী পাল্টে দেবে আশা করি।”
নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে ৬ই জুন ‘সেটিং দ্য স্টেজ ২০১৫ অ্যান্ড বিয়ন্ড’ শিরোনামে একটি কনসার্টের আয়োজন করা হয়। এই কনসার্টে গান পরিবেশন করে ব্যান্ড ‘লালন’।
