ঈদে ফিরছে ‘আলাল দুলাল’
আসছে ঈদে প্রচারিত হবে ‘আলাল দুলাল’ সিরিজের পঞ্চম নাটক ‘আলাল দুলাল পঞ্চমপত্র’। বরাবরের মতো এবারও কেন্দ্রীয় চরিত্রে থাকছেন জাহিদ হাসান ও মীর সাব্বির। অভিনয়ের পাশাপাশি নাটকটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করছেন মীর সাব্বির।
২০১২ সালে ঈদ-উল-ফিতরে এটিএন বাংলার ঈদ আয়োজনে প্রচারিত হয় ‘আলাল দুলাল’ সিরিজের প্রথম নাটকটি। এতে ‘আলাল’ চরিত্রে জাহিদ হাসান ও ‘দুলাল’ চরিত্রে মীর সাব্বির অভিনয় করেন। তবে নায়িকা বদল ঘটেছে প্রতিবারই। প্রথম পত্রে বিন্দু ও দীপা খন্দকার থাকলেও দ্বিতীয় পত্রে ছিলেন না দীপা খন্দকার। তৃতীয় পত্রে বিন্দুর পরিবর্তে আসেন নওশীন। চতুর্থ পত্রে নওশীনের স্থলাভিষিক্ত হন সুমাইয়া শিমু। আর এবার শিমুর পরিবর্তে যুক্ত হয়েছেন নাদিয়া।
পরিচালক মীর সাব্বির গ্লিটজকে বলেন, “ঈদ উপলক্ষে নির্মিত ‘আলাল দুলাল’ দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। প্রতি পর্বে দর্শকের কাছে ভিন্নভাবে হাজির হচ্ছে আলাল ও দুলাল। এ পর্বে দর্শক সাড়া পেলে আবারও নির্মিত হবে নাটকটি।”
মীর সাব্বির এখন ঈদ উপলক্ষে বেশ কয়েকটি নাটকের শুটিং করছেন। চ্যানেল নির্ধারিত হয়নি বলে নাটকগুলোর নাম বলতে চাননি এখনই।
জাহিদ হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
