২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিতর্কিত তারকারা

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী শোয়েতা বাসু প্রসাদ যৌন ব্যবসায় জড়িয়ে গ্রেপ্তার হওয়ার পর বিনোদনজগতে আলোচনার ঝড় উঠেছে। কেউ শোয়েতার পাশে দাঁড়াচ্ছেন, আবার কেউ এ ব্যাপারে মুখ খুলতেই রাজি নন। এমন অবস্থায় শোয়েতার দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন ‘শাহিদ’ খ্যাত নির্মাতা হানসাল মেহতা। তার আগামী সিনেমায় শোয়েতাকে সুযোগ দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

জেনিফার ডি প্যারিস

  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2014, 03:27 PM

Updated : 13 Oct 2022, 12:35 PM

বিনোদনের জগতের বাসিন্দাদের জীবনে আইনি ঝামেলায় জড়ানো নতুন কিছু নয়। অনেকেই সে পথ মাড়ালেও আবার ফিরে এসেছেন নিজের কাজে। 

মনিকা বেদি

নায়িকা নয়, এক সময় দুবাইপ্রবাসী আন্ডারওয়াল্ডর্ ডন আবু সালেমের সঙ্গিনী হিসেবেই বেশি পরিচিতি পেয়েছিলেন মনিকা বেদি। ২০০২ সালে পর্তুগালের লিসবন শহরে আবু সালেমের সঙ্গে গ্রেপ্তার হন তিনি। 

প্রায় পাঁচ বছর কারাভোগ শেষে ২০০৭ সালে অংশ নেন রিয়ালিটি শো ‘বিগ বস’-এর দ্বিতীয় সিজনে। ‘বিগ বস’-এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মনিকাকে। পরবর্তী বছরগুলোতে তাকে দেখা গেছে ‘ঝালাক দিখলা জা’, ‘দেসি গার্ল’ এর মত রিয়েলিটি শোতে। এখন নিয়মিত অভিনয় করছেন হিন্দি সিরিয়ালে। 

সুভাস কাপুর

‘জলি এলএলবি’ খ্যাত এই নির্মাতার বিরুদ্ধে কয়েক মাস আগে যৌন হয়রানির মামলা করেন অভিনেত্রী গিতিকা তিয়াগি। ইন্টারনেটে একটি ভিডিও প্রকাশ করেন গিতিকা, যেখানে এই অভিযোগের বিষয়টি নিজ মুখে স্বীকার করতে দেখা যায় সুভাসকে। যদিও জনসম্মুখে এ ব্যাপারে কোনো কথা বলতে দেখা যায়নি তাকে।

বিতর্কের কারণে অবশ্য কাজ থেমে থাকেনি এই নির্মাতার। বর্তমানে তিনি ‘গুড্ডু রাঙ্গিলা’র শুটিং করছেন। এছাড়া সঞ্জয় দত্তকে নিয়ে ‘মুন্না ভাই’ সিরিজের পরবর্তী সিনেমা নির্মাণের অপেক্ষায় আছেন।

এস শ্রিশান্থ

সাবেক ক্রিকেটার শ্রিশান্থকে তার খেলোয়াড় জীবন থেকে অব্যাহতি নিতে হয় আইপিএলে ম্যাচ ফিক্সিং বিতর্কের কারণে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবার পর তাকে বহিষ্কার করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

খেলার মাঠ থেকে বেরিয়ে যেতে হলেও বসে নেই এই তারকা। অংশ নেন ‘ঝালাক দিখলা জা’ অনুষ্ঠানে। নিজের নাচের দক্ষতা দেখানোর পর এবার দক্ষিনী সিনেমায় অভিনয় এবং সংগীত নিয়ে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন পুরোদমে।

শাইনি আহুজা

‘গ্যাংস্টার’ মুক্তির পর শাইনি আহুজাকে আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র হিসেবেই ধরে নিয়েছিলেন সবাই। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় শাইনিকে। জেল হয়েছিল সাত বছরের জন্য। কিন্তু এরই মাঝে নিজের অভিযোগ তুলে নেন অভিযোগকারী, তবে বিতর্কের কালিমা আর মুছতে পারেননি শাইনি। 

বিচারের পুরো সময়টাতে দর্শকের ব্যাপক নিন্দা এবং সমালোচনার শিকার হতে হয়েছে শাইনিকে। অবশেষে ‘ওয়েলকাম ব্যাক’-এর মাধ্যমে পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা।

আংকিত তিওয়ারি

বিতর্কের ছোবল থেকে বাঁচতে পারেননি ‘আশিকি টু’র গায়ক আংকিতও। চলতি বছরের শুরুতে সবাইকে অবাক করে দিয়ে গ্রেফতার হন আংকিত, এক নারীকে ধর্ষণের অভিযোগে।   

তবে এই অভিযোগে তার ক্যারিয়ারে তেমন প্রভাব ফেলেনি। সে সময়ই মুক্তি পায় ‘এক ভিলেইন’ এবং তার গাওয়া ‘গালিয়া’ গানটি ভীষণ জনপ্রিয় হয়। এক সপ্তাহ পরে নিজেই নিজের অভিযোগ তুলে নেন সেই নারী।