‘উপমহাদেশ হারালো এক মহান শিল্পীকে’
নজরুল সংগীতের কিংবদন্তী শিল্পী ফিরোজা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ।
বুধবার ভারতীয় হাইকমিশনের তরফ থেকে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, “ফিরোজা বেগমের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। নজরুলগীতির জগতে তিনি ছিলেন এক মহান ব্যক্তিত্ব। কেবল বাংলাদেশেই নয়, ভারতেও সাত দশক ধরে সংগীতপ্রেমীদের হৃদয় জয় করে এসেছেন তিনি।”
কিডনির জটিলতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ঢাকার অ্যাপোলো হাসপাতালে মারা যান স্বাধীনতা পদকে সম্মানিত ফিরোজা বেগম। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
পঙ্কজ শরণ আরও বলেন, “ইতিহাস তাঁকে মনে রাখবে শিল্প ও সংগীতের এক কিংবদন্তী পথিকৃত হিসেবে। ফিরোজা বেগমের মৃত্যুতে উপমহাদেশের সংস্কৃতি জগত এর অন্যতম প্রতিমাকে হারালো।”
তিনি প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করেন। তার পরিবার-পরিজন, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানান সমবেদনা।
