‘আমার ভক্তরা হতাশ হবে না’
প্রথম সিনেমা ‘নাশা’ মুখ থুবড়ে পড়েছিল বক্স-অফিসে। কিন্তু হাল ছাড়েননি পুনাম পান্ডে। অবশেষে দ্বিতীয় সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
সিনেমাটির নাম প্রকাশ করা হয়নি। তবে এটি প্রযোজনা করছে দ্য ওয়ার্ল্ড নেটওয়ার্কস যেটি প্রথমবারের মত চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছে।
এ বিষয়ে পুনাম ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডেকে বলেন, “কত সিনেমার প্রস্তাব যে ‘নাশা’র পর ফিরিয়ে দিয়েছি বলে শেষ করা যাবে না। কিন্তু যখন দ্য ওয়ার্ল্ড নেটওয়ার্কের প্রযোজকরা এই সিনেমার প্রস্তাব নিয়ে এলেন তখন আমার মন বলে উঠলো এটাই আমার দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে।”
সিনেমায় কতটা খোলামেলা অবস্থায় দেখা যাবে তাকে - এ প্রশ্নের জবাবে পুনাম বলেন, “আমার ভক্তরা হতাশ হবে না।”
তিনি আরও বলেন, “সিনেমায় আমার খোলামেলা উপস্থাপন ছাড়াও আরও অনেক কিছু থাকবে। সিনেমার বিষয়বস্তু বেশ সংবেদনশীল।”
২০১১ সালে ভারত বিশ্বকাপ জিতলে নগ্ন হয়ে রাস্তায় নামার ঘোষণায় আসেন পুনাম পান্ডে। এছাড়াও ফেইসবুক ও টুইটারে নিজের স্বল্পবসনা ছবি পোস্ট করার ব্যাপারে পরিচিতি রয়েছে তার।
