মারা গেলেন জোন রিভার্স
কিছু দিন আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কিংবদন্তী অভিনেতা ও কমেডিয়ান রবিন উইলিয়ামস। এবার সে পথের যাত্রী হলেন কমেডি জগতের আরেক উজ্জ্বল তারা জোন রিভার্স। তীক্ষ্ণ রসবোধে হাসির খোরাক জোগাতে তাঁর জুড়ি ছিল না। বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি হাসপাতালে পরিবারবর্গ ও বন্ধুবান্ধবের সামনে মৃত্যুবরণ করেন এই গুণী তারকা।
রিভার্সের মৃত্যুতে তার একমাত্র মেয়ে মেলিসা রিভার্স জানান, “আমার মা শান্তিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তিই ছিল মানুষকে আনন্দ দেবার ক্ষমতাটা। হয়তো তার শেষ ইচ্ছা ছিল আমরা যেন খুব শিগগিরই আনন্দময় জীবনে ফিরে যাই।”
কানে আয়োজিত ২০০৯ সালের এমআইপিকম টেলিভিশন প্রোগ্রাম মার্কেটে নিজ অনুষ্ঠানের পোস্টার প্রদর্শন করছেন জোন রিভার্স। ছবি রয়টার্স/এরিক গিলিয়ার্ড।
রিভার্সের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর হাসপাতালের সামনে জড়ো হন সাংবাদিক ছাড়াও অসংখ্য ভক্ত। অনেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান কিংবদন্তী এই কমেডিয়ানকে।
রিভার্সের দীর্ঘ দিনের বন্ধু সাংবাদিক বারবারা ওয়াল্টারস জানান, “হয়তো আর কেউ নিজের জীবন, বিনোদন এবং ভালো সময়টাকে রিভার্সের মত করে ভালবাসে না। তার সঙ্গে এক টেবিলে খেতে বসে আমরা অসাধারণ কিছু সময় কাটিয়েছি এবং আড্ডার শেষে আমার মুখে সবসময়েই হাসি লেগে থাকত। সে ছিল দুর্দান্ত এবং অসাধারণ একজন শিল্পী।” তার মৃত্যুতে শোক জানিয়েছেন কমেডিয়ান লুইস সি. কে এবং ডোনাল্ড ট্রাম্পের মত তারকাও।
কমেডিয়ান ও ফ্যাশন ক্রিটিক জোন রিভার্সের মৃত্যুর খবর ছরিয়ে পড়তেই হলিউডের ওয়াক অফ ফেইমের ‘জন রিভার্ষ তারকায়’ ফুল ও শোকলিপি পড়তে শুরু হয়। কমেডিয়ান ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন ৪ সেপ্টেম্বর ২০১৪ সালে। ছবি: রয়টার্স/মারিও আনজুওনি।
জোন রিভার্সের মৃত্যুখবর পেয়ে মাউন্ট সিনাই হাসপাতালের সামনে থমকে দাড়ান এবং কান্নায় মুষড়ে পরেন মারসিয়া টিসিলিং। তিনি জোনের মেয়ে মেলিসা রিভার্সের ন্যানি হিসেবে কাজ করেছেন আট বছর এবং জোনের ব্যাক্তিগত সহকারী হিসেবেও কাজ করেছেন তিনি। ছবি: রয়টার্স/কার্লো ইলাগ্রি।
তবে বেশ কঠিন সময়ও পার করে এসেছেন রিভার্স তার জীবনে। ২০০৫ সালে স্বামী এডগার রোজেনবার্গ আত্মহত্যা করলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। ক্যারিয়ারের শেষ সময়টাতে নিজের মেয়ে মেলিসার সঙ্গে শুরু করেন ‘জোন অ্যান্ড মেলিসা: জোন নোজ বেস্ট?’ অনুষ্ঠানটি।
