দুবছরে সংসদে উপস্থিতি সাতবার
হিন্দি সিনেমার বর্ষীয়ান অভিনেত্রী রেখা একজন সাংসদও বটে। তবে দুবছর আগে সংসদে সম্মানসূচক সদস্যপদ পাওয়ার পর তাকে সংসদ ভবনে দেখা গেছে মাত্র সাতবার।
১২ই অগাস্ট সপ্তমবারের মত সংসদে হাজির হন তিনি। তার আগে শচীন টেন্ডুলকর ও তার হাজিরা নিয়ে সমালোচনার ঝড় ওঠে সভায়।
শচীন ও রেখা দুজন একসঙ্গে বুধবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে সংসদে ঢোকেন। সংসদে তাদের কম উপস্থিতি নিয়ে গত সপ্তাহে তাদের বিরুদ্ধে সংসদ অবমাননার অভিযোগ তোলেন বেশ কয়েকজন সাংসদ।
ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া বলছে, রেখা ও শচীনের দীর্ঘদিন সংসদে অনুপস্থিত থাকা অনুমোদিত কিনা তা জানতে চান সিপিআই-এম সাংসদ পি রাজিভ।
ডেপুটি চেয়ারম্যান কুরিয়েন সাংসদদের জানান, আইন লঙ্ঘন হয়, এমন কিছু হয়নি।
সংসদে উপস্থিত হয়েই ছুটি প্রার্থনা করেন শচীন টেন্ডুলকর। তবে রেখাকে নিশ্চুপ থাকতে দেখা গেছে।
সংসদে রেখার পাশের আসনটি ছোটপর্দার তারকা রাখি সাওয়ান্তের। তিনি আরপিআই দলীয় সাংসদ।
