'শিষ বাজাতে জানো তো'
হলিউডের স্বর্ণযুগের অন্যতম অভিনেত্রী লরেন বেক্যাল মারা গেছেন। ১২ অগাস্ট নিউ ইয়র্কে নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৯ বছর বয়সী এই অভিনেত্রী।
মঙ্গলবার ম্যানহ্যাটনের সুপরিচিত ডাকোটা ভবনে নিজের অ্যাপার্টমেন্টে মৃত্যু ঘটে বেক্যালের। ধারণা করা হচ্ছে স্ট্রোক করেছিলেন তিনি। তার মৃত্যুখবরটি নিশ্চিত করে ‘দ্য হামফ্রে বোগার্ট এস্টেইট’ তাদের ফেইসবুক পেইজে।
চল্লিশের দশকের জনপ্রিয় এই অভিনেত্রী প্রথম সিনেমা 'টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট’ দিয়েই বাজিমাত করেন হামফ্রে বোগার্টের সঙ্গে তার জুটি খুবই সমাদৃত হয় আর তার সঙ্গেই পরবর্তীতে গাঁটছড়া বাঁধেন এই অভিনেত্রী তাদের ১২ বছরের দাম্পত্য জীবনে ‘বোগি অ্যান্ড বেক্যাল’ জুটি হলিউডের সম্ভ্রান্ততম তারকা দম্পতি হিসেবে বিবেচিত হতো।
১৯২৪ সালের সেপ্টেম্বরে এক ইহুদি পরিবারে বেটি জেইন পারস্কি নামে জন্ম নেওয়া এই তারকা বড় হয়েছেন নিউ ইয়র্কের ব্রঙ্কস এলাকায়। মডেলিং এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী চলচ্চিত্র নির্মাতা হাওয়ার্ড হকসের নজরে আসেন ১৯৪৪ সালে। ‘হারপার বাজার’ ম্যাগাজিনে তার কিছু ছবি দেখে হকস ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে তাকে চুক্তিবদ্ধ করেন। কথা ছিল, অভিনেতা ক্যারি গ্রান্ট অথবা হামফ্রে বোগার্টের সঙ্গে অভিনয় করবেন তিনি। বেক্যালের ইচ্ছা ছিল গ্রান্টের নায়িকা হওয়ার
বেক্যাল ছিলেন বোগার্টের চতুর্থ স্ত্রী । স্টিভেন এবং লেসলি নামে দুই সন্তানও রয়েছে এই জুটির। ১৯৫৭ সালে বোগার্ট মারা যাওয়ার পর ১৯৫৮ সালে বেক্যাল বিয়ে করেন সংগীতশিল্পী ফ্রাঙ্ক সিনাত্রাকে। যদিও তাদের সংসার টেকেনি। ১৯৬১ সালে বেক্যাল বিয়ে করেন অভিনেতা জেমস রবার্টসকে। আট বছরের দাম্পত্য জীবনে স্যাম নামে একটি ছেলে রয়েছে তাদের।
বোগার্টের মৃত্যুর পর বেক্যালের ক্যারিয়ার ভিন্ন দিকে মোড় নেয়। মঞ্চেই নিজের জায়গা খুঁজে নেন তিনি। ১৯৭০ সালে ‘অ্যাপ্লস’ এবং ১৯৮১ তে ‘উইম্যান অফ দ্য ইয়ার’ - এ অনবদ্য পারফরম্যান্সের জন্য টনি অ্যাওয়ার্ড জিতে নেন। সত্তর এবং আশির দশকে কাজ করেছেন বিভিন্ন সিনেমায়। বিতর্কিত ড্যানিশ পরিচালক লাসর্ ভন ট্রিয়ারের সঙ্গে ২০০৩ সালে ‘ডগভিল’ এবং ২০০৫ সালে ‘ম্যান্ডারলি’ সিনেমায় কাজ করেন। এইচবিওর টিভি সিরিজ ‘দ্য সোপরানোস’ এও প্রায়ই অতিথি অভিনেত্রী হিসেবে দেখা গেছে তাকে।
১৯৯৬ সালের সিনেমা ‘দ্য মিরর হ্যাজ টু ফেইস’ -এর জন্য অস্কার মনোনয়নও পান ২০১০ সালে বিশেষ অস্কারের মাধ্যমে সম্মাননা জানানো হয় এই কিংবদন্তী অভিনেত্রী এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারকে।
