চমক নিয়েই ফিরছি: রিয়াজ
দীর্ঘ পাঁচ বছর ধরে ঢাকাই সিনেমায় অনুপস্থিত অভিনেতা রিয়াজ। চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নিলেও তাকে নিয়মিত দেখা যাচ্ছে ছোট পর্দায়। গ্লিটজের সঙ্গে আলাপচারিতায় জানালেন, চমক নিয়েই ফিরবেন তিনি।
শহিদ উন নবী পরিচালিত ‘সুগার ফ্রি চকলেট ফ্রি’ নাটকের শুটিংয়ে গ্লিটজের সঙ্গে আলাপ করেন রিয়াজ। বলেন, “টানা পাঁচ বছর চলচ্চিত্রে অভিনয় করছি না। এটা আমার জন্য একটা বেশ লম্বা বিরতি। এই বিরতিতে নিজেকে চলচ্চিত্রের জন্য প্রস্তুত রাখতে নাটকে অভিনয় করছি। আবারও চলচ্চিত্রে ফিরে আসতে হলে আমাকে একটু ব্যতিক্রম নিয়েই ফিরতে হবে, আসতে হবে একটা চমকের মাধ্যমে।”
আরও বললেন, পাঁচ বছর আগে ঢাকাই সিনেমার যে অবস্থা ছিল সেখান থেকে কোনো উত্তরণ হয়নি। অধিকাংশ পরিচালকের সিনেমা নির্মাণের জ্ঞান নেই বলেও মন্তব্য করেন।
“পরিচালকদের যদি সিনেমা নির্মাণের জ্ঞান না থাকে তাহলে তেমন ভালো কিছু হবে না। আমাদের সময়ে যারা সহকারী পরিচালক হিসেবে কাজ করত তাদের অনেকেই এখন সিনেমা বানালেও তারা সেই বিএফডিসির গণ্ডির ভিতরেই রয়ে গেছে। তারা সেই গণ্ডি থেকে বের হতে পারেননি। তাই চলচ্চিত্রে আমি তেমন কোনো উত্তরণ দেখছি না।”
ডিজিটাল সিনেমার ব্যাপারে রিয়াজ বলেন, “ডিজিটাল প্রযুক্তি আসার কারণে চলচ্চিত্র নির্মাণ এখন অনেক সস্তা হয়ে গেছে। আগে যারা নাটক বানাতো তারা এখন সিনেমা বানাচ্ছে। কিন্তু সে অর্থে তেমন কোনো ভালো সিনেমা তারা উপহার দিতে পারেননি।”
নাটক থেকে যারা সিনেমা পরিচালনায় এসেছেন তাদের ব্যাপারে রিয়াজের বক্তব্য, “নাটক থেকে যারা চলচ্চিত্র নির্মাণ করেছে, তারা পুরো নাটকের ইউনিট নিয়েই সিনেমা বানাচ্ছে। তারা কোনো ফিউশন তৈরি করতে পারেনি। তারা যদি ফিউশন তৈরি করতে পারতো তাহলে তারা একটা দিক নির্দেশনা পেতো। হয়তোবা তারা চলচ্চিত্রের কাউকে নিয়ে কাজ করতে পারেনি। যখন একটা সম্পূর্ন ইউনিট নাটকের হয়ে যায় তখন ক্রেজটা হারিয়ে যায়। আর তাদের সিনেমাগুলো বড় ক্যানভাসের নাটক মনে হয়েছে।”
অনন্ত জলিল ও শাকিব খানের চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনায় আসাকে ইতিবাচক হিসেবেই দেখছেন রিয়াজ।
“চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে অনন্ত জলিলের উদ্যোগকে আমি স্বাগত জানাই। কারণ তিনি চাইলে এই টাকাগুলো অন্য খাতে ব্যবহার করতে পারতেন। কিন্তু সে টাকা সিনেমা বানানোর জন্য বিনিয়োগ করছেন। ফলে চলচ্চিত্রে কিছু লোকের কর্মসংস্থান হওয়ার সঙ্গে সঙ্গে নতুন দর্শকও তৈরি হয়েছে।
শাকিব খানের চলচ্চিত্র প্রযোজনার আসাকেও আমি স্বাগত জানাই। নিজের প্রযোজনার প্রথম সিনেমা ‘হিরো -দ্য সুপারস্টার’ তার মেধার ছাপ রেখেছে। আমি চাইবো সে আগামীতে আরও সিনেমা নির্মাণ করুক।”
‘হৃদয়ের কথা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র প্রযোজনায় এসেছিলেন রিয়াজ। কিন্তু তারপর আর কোনো সিনেমা বের হয়নি তার প্রযোজনা প্রতিষ্ঠান পথিকের ব্যানারে।
“আমরা চেয়েছিলাম দর্শকদের একটা ভালো সিনেমা উপহার দিতে। আমরা নকল সিনেমা বানাতে চাইনি। তাই পরবর্তীতে আর কোনো নতুন চলচ্চিত্র নির্মাণ করি নাই। কারণ আমরা তেলেগু, তামিল সিনেমা অনুকরণ করতে চাইনি।”
১৯৯৫ সালে দেওয়ান নজরুল পরিচালিত ‘বাংলার নায়ক’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আসা রিয়াজ অভিনয় করেছেন ১৬০টিরও বেশি সিনেমায়। তার অভিনিত প্রথম নাটক ‘অগ্নি বলাকা’।
