২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিগ বস’কে তসলিমা নাসরিনের না

ভারতীয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এর অষ্টম সিজনে অংশ নেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন কথা-সাহিত্যিক তসলিমা নাসরিন। কালার্স টিভির পক্ষ থেকে আসা ওই প্রস্তাব রূঢ়ভাবে প্রত্যাখান করেন ভারতে অবস্থানকারী বাংলাদেশি এই লেখিকা।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 05:17 PM

Updated : 13 Oct 2022, 12:26 PM

পুরনো খবর:

ভারত ছাড়তে চাই না: তসলিমা নাসরিন

রোববার মাইক্রোব্লগিং সাইট টুইটারের তসলিমা জানান, প্রথমে ভদ্রভাবে ও পরে কড়া ভাষায় এই প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে তার।

“কালার্স টিভি থেকে ফোন এসেছিল। তারা বিগ বসে আমাকে চায়। প্রথমে ভদ্রভাবে তাদেরকে না করলাম। তখন তারা বললো, ‘এর মাধ্যমে পুরো দুনিয়ায় আপনি নিজেকে দেখানোর সুযোগ পাবেন।আর টাকাতো পাবেনই।’ তখন আমাকে রূঢ় হতেই হল।”

পরে ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়াকে এ বিষয়ে তিনি বলেন, “আমি অনুষ্ঠানটি আগ্রহ নিয়েই দেখি। মজাও পাই। কিন্তু আমার মতাদর্শের সঙ্গে যায় না। তারা আমাকে নানাভাবে রাজি করাতে চেষ্টা করেছে, কিন্তু আমি না করে দিয়েছি।”

তিনি আরও বলেন, “তারা আমাকে বিশাল অঙ্কের সম্মানী দেওয়ার কথা বলেছে। এমনকি, তারা এটাও বলেছে, নারীবাদ নিয়ে আমার ধারণাকেও আমি অনুষ্ঠানটির মাধ্যমে প্রচার করতে পারবো। কিন্তু আমার চিন্তা-ভাবনার সঙ্গে এটি যায় না। আর তাই আমি তাদেরকে না করে দিয়েছি।”

ছোটপর্দার অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যাপারে নিজের অনীহার কথাও জানান তসলিমা। তিনি বলেন, “এমনিতেও টিভি অনুষ্ঠানগুলো নিয়ে আমার খুব বেশি আগ্রহ নেই। আমি খুব বেশি টিভি অনুষ্ঠানে অংশ নিই না; এমনকি আলোচনা অনুষ্ঠানগুলোতেও না।”

সেলিব্রিটি রিয়ালিটি শো ‘বিগ বস’-এর এবারের সিজন নিয়ে শুরু থেকেই নানা জল্পনা-কল্পনা চলছে। শোনা গিয়েছিল পক্ষপাতদুষ্ট হওয়ায় গত চারটি সিজনের উপস্থাপনার দায়িত্বে থাকা সালমান খান এবার থাকছেন না। সালমানের থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সবার নজর এখন প্রতিযোগীদের দিকে। এর মধ্যে নিজের অংশ না নেওয়ার কথা জানিয়ে টুইট করলেন তসলিমা।

তসলিমার টুইটের মন্তব্যের যায়গায় অনুসারীদের নানা রকমের প্রতিক্রিয়া দেখা যায়। একজন লিখেছেন, “হাহাহাহা, হাসতে হাসতে মরেই গেলাম।” আরেকজনের বক্তব্য, “কেন না করলেন? এর মাধ্যমে কত ধরনের মানুষের সঙ্গে দেখা হওয়ার সুযোগ মিলতো। আর সেসব অভিজ্ঞতা নিয়ে নতুন একটা বইও লিখতে পারতেন আপনি!”