অন্য এক স্টিফেন হকিং
যদি জিজ্ঞেস করা হয় এই শতাব্দীর সেরা বিজ্ঞানী কে? তখন নিঃসন্দেহেই সবার মুখে উচ্চারিত হবে একটি নাম- স্টিফেন হকিং। 'এক্সপ্যান্ডিং প্রোপার্টিজ' কিংবা আলোচিত 'বিগ ব্যাং থিওরি'-এর মতো মতবাদ নিয়ে কাজ করে যাওয়া এই বিজ্ঞানীকে দেখা যাবে বড় পর্দায়, তবে সম্পুর্ণ ভিন্ন এক রূপে।
মোটর নিউরন রোগে আক্রান্ত স্টিফেন হকিংকে হুইলচেয়ারে দেখেই অভ্যস্ত আমরা। কিন্তু অস্কারজয়ী পরিচালক জেমস মার্শের 'দ্য থিওরি অফ এভরিথিং' সিনেমাটিতে আমরা দেখব ২১ বছর বয়সী কেম্ব্রিজপড়ুয়া তরুণ স্টিফেন হকিংকে। সম্ভাবনাময় ভবিষ্যতের স্বপ্নে বিভোর এই তরুণ এই সময়েই প্রেমে পড়েন সহপাঠী জেইন ওয়াইল্ডের। ব্ল্যাক হোল এবং এক্সপ্যান্ডিং অবজেক্টের থিসিস জমা দেয়ার কিছুদিনের মধ্যেই তিনি আক্রান্ত হয়ে পড়েন ‘অ্যামাইট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস’ নামে নিউরাল এক দুরারোগ্য রোগে। ডাক্তাররা জানালেন, আর মাত্র দুইবছর বেঁচে থাকবেন হকিং। সেখান থেকেই হকিং এর সংগ্রাম এবং জেইনের সহায়তায় তার এগিয়ে যাওয়ার গল্প বলেছে ‘দ্য থিওরি অফ এভরিথিং’। হকিং এর প্রথম স্ত্রী জেইন ওয়াইল্ডের স্মৃতিচারণমূলক বই ‘ট্যাভেলিং ইনফিনিটি: মাই লাইফ উইথ স্টিফেন’-এর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাটি।
সম্প্রতি টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে প্রকাশিত হয় সিনেমাটির ট্রেইলার।
স্টিফেন হকিং কে সিনেমা এটাই প্রথম নয়। এর আগে ২০০৪ সালে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন ‘বিবিসি এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে মুক্তি পায় টিভির জন্য সিনেমা ‘হকিং’। সিনেমাতে স্টিফেন হকিং চরিত্রে অভিনয় করেছিলেন এ সময়ের জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ‘শার্লক’ খ্যাত বেনেডিক্ট কাম্বারব্যাচ। এছাড়াও স্টিফেন হকিংকে নিয়ে তৈরি হয়েছে আরও অনেক তথ্যচিত্র। এবার সেই তালিকায় যোগ হল ‘দ্য থিওরি অফ এভরিথিং’।
স্টিফেন হকিং-এর তারুণ্যময় জীবন এবং সংগ্রামটাকে সিনেমায় ফুটিয়ে তোলা বেশ বড়সড় চ্যালেঞ্জই বটে। আর এই দায়িত্বটি কাঁধে নিয়েছেন 'মাই উইক উইথ ম্যারিলিন' খ্যাত ব্রিটিশ অভিনেতা এডি রেডমেইন। আর জেইন ওয়াইল্ড চরিত্রে অভিনয় করছেন ‘লাইক ক্রেজি’ খ্যাত ফেলিসিটি জোন্স।
‘দ্য থিওরি অফ এভরিথিং’ মুক্তি পাবে নভেম্বর মাসের ৭ তারিখে।
