২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চিত্রনাট্য ছাড়াই শুটিং হয়’

বছর জুড়ে টেলিভিশন চ্যানেলগুলোতে প্রদর্শিত নাটকের কমতি নেই। নাটকের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে অভিনয়শিল্পী ও পরিচালকের সংখ্যাও। তবুও বাংলাদেশি দর্শক নাটকবিমুখ।  অভিনেতা ও পরিচালক মীর সাব্বিরের মতে, এর জন্য অনেকাংশে দায়ী পরিচালকরা। কারণ নাটক নির্মাণের কৌশল জানেন না তারা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 03:31 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

এজাজ মুন্না পরিচালিত ‘যোগাযোগ গোলযোগ’ ধারাবাহিকের সেটে গ্লিটজের সঙ্গে আলাপচারিতায় সাব্বির বলেন, “১৫ বছরের অভিনয় জীবনের অভিজ্ঞতায় আমার মনে হয়, ১৫ থেকে ২০ জন পরিচালকই নাটক নির্মাণের কৌশল জানে। মিডিয়াতে এত পরিচালক, অথচ এরা নাটক নিয়ে পড়াশোনা না করেই, ‍পুরোটা না জেনেই নাটক নির্মাণ করছে। এদের অনেকেই আবার কোনো চিত্রনাট্য ছাড়াই নাটকের শুটিং করছে।”

“যোগ্য পরিচালকের পাশাপাশি ভালো চিত্রনাট্যকারেরও অভাব রয়েছে।"

নতুন মুখদের রাতারাতি তারকা বনে যাওয়ার ইচ্ছারও সমালোচনা করেছেন সাব্বির।

“অভিনয়ের কিছু না জেনেই অনেকেই এখন নাটকে অভিনয়ের সুযোগ পাচ্ছে। কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেই দ্রুত বড় বড় চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা বনে যেতে চায়। এদের দিয়ে তো ভালো অভিনয় আশা করা যায় না।”

বিভিন্ন রিয়েলিটি শোর মাধ্যমে অভিনেতা-অভিনেত্রী খোঁজার প্রক্রিয়াটিকেও স্রেফ ‘ব্যবসায়িক কৌশল’ অভিহিত করলেন সাব্বির। নাটক নিয়ে হতাশ সাব্বির বলেই ফেললেন, “যদি অভিনয়ের পাশাপাশি অন্য কোন ব্যবসা করার সুযোগ থাকত তাহলে আমি সেই কাজটাই করতাম।”

অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন সাব্বির, কথা বললেন সেটা নিয়েও।

“আমি এমনভাবে কাজের পরিকল্পনা করছি যেন একটি কাজের সঙ্গে অন্যটির কোনো দ্বন্দ্ব তৈরি না হয়। যখন আমি অন্যের নির্দেশনায় কাজ করি তখন শতভাগ তার অনুগত হয়ে অভিনয় করি। যখন নিজের নির্দেশনায় কাজ করি তখন আমার মনযোগ শুধু নির্দেশনার দিকে।”

সাব্বির এখন ব্যস্ত ধারাবাহিক ‘নোয়াশাল’ নিয়ে। নাটকটি পরিচালনা করছেন তিনি। এছাড়াও ‘একশ হাত দূরে থাকুন’, ‘মামলাবাজ’, ‘হল্লাবাজি’সহ ছয়টি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।

বরিশালের ছেলে মীর সাব্বির ১৯৯৬ সালে দিকে বিটিভিতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেন। মীর সাব্বিরের প্রথম ধারাবাহিক নাটক ছিল মোস্তাফিজুর রহমান প্রযোজিত ‘কাল পুরুষ’। মীর সাব্বির অভিনীত প্রথম একঘণ্টার নাটক নূর মোহাম্মদ খান পরিচালিত ‘পুত্র’। তার পরিচালিত প্রথম নাটক ‘বরিশাল বনাম নোয়াখালী’ এবং প্রথম ধারাবাহিক ‘মকবুল’।