এক মঞ্চে গাইছেন না বাচ্চু, শাফিন, হামিদ
হঠাৎ করেই লাইভ স্কয়ার আয়োজিত ‘রকনেইশন-দ্য রেভলুশন অফ রক’ -এর লাইন আপে এসেছে আমূল পরিবর্তন। পূর্বঘোষিত লাইন-আপের ব্যান্ডগুলোর মধ্যে পারফর্ম করছে না অর্থহীন, ওয়ারফেইজ, মেকানিক্স, আরবোভাইরাস।
রকনেশন কনসার্ট সিরিজের পঞ্চম এই শো-এর জন্য সংগীতপ্রেমীরা বেশ আগে থেকেই অপেক্ষা করে আছেন কিন্তু হঠাত জানা গেল এই পরিবর্তনের কথা ব্যান্ডগুলো তাদের ফেইসবুক পেইজে জানিয়েছে, শুক্রবার রূপসী বাংলার উইন্টার গার্ডেনে রকনেশনে পারফর্ম করছে না তারা। ফলে একই মঞ্চে আইউব বাচ্চু, শাফিন আর হামিদকে পারফর্ম করতে দেখা হবে না সংগীতপ্রেমীদের
হঠাত এই সিদ্ধান্তের ব্যাপারে গ্লিটজের সঙ্গে কথা বলেছেন মাইলসের গিটারিস্ট ইকবাল আসিফ জুয়েল। যদিও আকস্মিক এই সিদ্ধান্তের কারণটা বলতে চাননি তিনি।
এ ব্যাপারে আয়োজকদের সঙ্গে বোঝাপড়ার কোন সমস্যা হয়েছে কি না সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আসলে আয়োজকদের সাথে আমাদের কোন সমস্যাই নেই। এটি সম্পূর্ণ ব্যক্তিগত একটি সিদ্ধান্ত, যা প্রত্যেকটি ব্যান্ডই আলাদা আলাদা ভাবে নিয়েছে। রকনেশনে নতুন লাইন আপের সাথে বাজাতে কিছুটা হলেও সময়ের প্রয়োজন, যেটা আমাদের হাতে নেই। তাই কনসার্টে পারফর্ম করব না বলে সিদ্ধান্ত নিয়েছি”।
এদিকে অসুস্থতার কারণে পারফর্ম করছেন না বলে জানালেন, আরবোভাইরাস ব্যান্ডের গিটারিস্ট আসিফ আসগর রঞ্জন এবং মেকানিক্স ব্যান্ডের ড্রামার শেখ মো. রিয়াজ। মেকানিক্স ব্যান্ডের সঙ্গে অল স্টারস লাইন-আপের পারফর্ম করার কথা থাকলেও মেকানিক্স পারফর্ম না করায় অল স্টারস লাইন আপও থাকবে রকনেশন থেকে অনুপস্থিত।
অর্থহীন ব্যান্ডের ভোকাল-বেজিস্ট সুমন এবং ড্রামার রায়েফ আল হাসান রাফার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
লাইভ স্কয়ারের প্রতিনিধিরা ব্যস্ত থাকায় এই ব্যাপারে তাদেরও কোনো মন্তব্য পাওয়া যায় নি। এছাড়াও এখন পর্যন্ত তাদের ফেইসবুক পেইজ এবং ইভেন্ট পেইজ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায় নি।
নতুন লাইন-আপে যুক্ত হয়েছে মিনারভা, পাওয়ারসার্জ, ক্রিপটিক ফেইট এবং ওউনড। আর আগের লাইন-আপে থাকা নেমেসিস এবং রেডিও অ্যাকটিভও পারফর্ম করবে কনসার্টে।
৮ অগাস্ট রূপসী বাংলার উইন্টার গার্ডেনে অনুষ্ঠিত হবে ‘রকনেশন- দ্য রেভলুশন অফ রক’।
