২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমার মুখে জ্বলন্ত সিগারেট ছুঁড়ে মারে’

সাম্প্রতিক একটি ঘটনার জের ধরে নেস ওয়াদিয়ার বিরুদ্ধে মামলা করলেও, দীর্ঘদিন ধরেই সাবেক প্রেমিকের হাতে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করছেন অভিনেত্রী প্রিতি জিনটা। এমনকি তার মুখে জ্বলন্ত সিগারেট ছুঁড়ে মারা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।  

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2014, 02:23 PM

Updated : 22 Aug 2022, 06:46 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বলছে, মুম্বাই পুলিশ কমিশনার রাকেশ মারিয়াকে লেখা এক চিঠিতে প্রিতি তুলে ধরেছেন এমন অনেক কথা যা আগে কখনও জনসম্মুখে প্রকাশ পায়নি।

চিঠিতে প্রিতি লেখেন, “বেশ কিছুদিন ধরেই নেসের ব্যবহার খুবই আক্রমণাত্মক হয়ে উঠেছিল। আমার মুখের উপর জ্বলন্ত সিগারেট ছোঁড়া, আমাকে ঘরের ভেতর আটকে রাখা থেকে শুরু করে আমার গায়ে হাত তোলাসহ অনেক হয়রানি করা হয়েছে আমাকে।”

মামলা করার পর বিশেষ কাজে যুক্তরাষ্ট্রে যেতে হয় প্রিতিকে, ভারত ছেড়ে যাবার অনুমতি চাওয়ার সময় এই চিঠিটি পুলিশ কমিশনারকে লেখেন তিনি।

চিঠিতে প্রিতি আরও জানান, যেভাবেই হোক নেসের কাছ হেকে দূরে থাকতে চান তিনি। এমনকি নেস তাকে খুন করতে পারে এমন আশঙ্কাও করছেন তিনি।

“নেসের ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে এই মামলা করিনি। আমি শুধু নিজের নিরাপত্তার জন্য এই অভিযোগ দায়ের করেছি। কারণ আমার ভয় হচ্ছে, ভবিষ্যতে কোন একদিন তিনি আমার ক্ষতি করার চেষ্টা করবেন।”

প্রিতি চিঠিতে উঠে আসা এই অভিযোগগুলোর ব্যাপারে মুখ খুলতে রাজি হননি নেস ওয়াদিয়া।

৩০ মে আইপিএলের মাঠে এই সাবেক জুটির মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর ১২ জুন নেস ওয়াদিয়ার বিরুদ্ধে হয়রানির মামলা করেন প্রিতি।

এই মামলার তদন্ত এখনও চলছে। তবে নেসের ভাষ্য, পুরো ব্যাপারটিই মিথ্যা এবং বানোয়াট।

পুরনো খবর:

পুলিশের সঙ্গে প্রিতির দুই ঘণ্টা
‘যৌন হয়রানি’র শিকার প্রিতি
“যৌন হয়রানির মামলা করা হয়নি” 
ওয়াদিয়া পরিবারকে ‘আন্ডারওয়ার্ল্ড ডন’-এর হুমকি