‘জাতীয় কবি চর্চিত নন’
সবারই নজরুলসংগীত গাওয়া উচিত বলে মনে করেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। তরুণ প্রজন্মকে নজরুল সম্পর্কে জানার তাগিদও দিলেন তিনি।
“নজরুলের গান সবাইকেই গাইতে বলব, সবারই গাওয়া উচিত নজরুলের গান। একজন জাতীয় কবির গান না গাইলে কী চলে? আর বর্তমান প্রজন্ম জাতীয় কবির অনেক তথ্যই জানে না। বলা যায়, সময়ের সঙ্গে নজরুলের এগিয়ে যাওয়ার এক বাহন আমি।”
সম্প্রতি প্রকাশিত হয়েছে তার গাওয়া নজরুল সংগীতের অ্যালবাম ‘আমারে ছুঁইয়াছিলে’।
অ্যালবামটির সংগীতায়োজনে প্রচলিত বাদ্যযন্ত্র ব্যাবহার করা হয়নি। পিয়ানোনির্ভর গানেও কণ্ঠ দিয়েছেন জানিয়ে ফাহমিদা বললেন, তরুণ প্রজন্মকে নজরুল ইসলামের প্রতি আকৃষ্ট করতেই এ উদ্যোগ।
তিনি বলেন, “আমরা যাকে আমাদের জাতীয় কবি বলছি, রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিচ্ছি তাকে নিয়ে কতোটা চর্চা করছি। আমি মনে করি জাতীয় কবি হিসেবে তিনি সেইভাবে চর্চিত হচ্ছেন না।”
প্রয়াত কণ্ঠশিল্পী মাহমুদ উন নবীর মেয়ে ফাহমিদা আধুনিক গানের শিল্পী হিসেবেই বেশি পরিচিত। তিনি ‘আমার বেলা যে যায়’ নামে রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশ করেন ২০০৭ সালে।
তিনি বলেন, “আমাদের তরুণশিল্পীদের প্রতিভা, যোগ্যতা সবই আছে। এর সঙ্গে গায়কী, সাউন্ড যদি একটু ভালো হয়। আর একটু সুরে গাইলেই শ্রোতারা আবার বাংলা গান শুনবে।”
অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন থেকেও ‘তুমি অভিমানে’ নামে আরও একটি অ্যালবাম বের হবে বলে আরও জানান তিনি।
