জন্মদিন রানবিরের সঙ্গেই
ইমতিয়াজ আলি পরিচালিত ‘তামাশা’ সিনেমার শুটিংয়ে ফ্রান্সের করসিকায় আছেন হিন্দি সিনেমার অভিনেতা রানবির কাপুর। আর সেখানে পৌঁছে গেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। কারণ ১৬ জুলাই তার জন্মদিন।
ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডে বলছে, বিশেষ দিনটি রানবিরের সঙ্গেই কাটাতে চেয়েছেন ক্যাটরিনা। যদিও কিছুদিন আগেই শোনা গিয়েছিল ক্যাটরিনাকে শুটিং এ আসতে মানা করে দিয়েছেন রানবির। এমনও গুঞ্জন উঠেছিল যে ‘বিব্রত’ হতে চাননি কাপুর বংশের এ প্রজন্মের এই তারকা।
আর কারণ হিসেবে অনেকেই নিচ্ছেন রানবিরের সাবেক প্রেমিকা দিপিকা পাড়ুকোনের নাম। ‘তামাশা’ সিনেমায় তৃতীয়বারের মতো দিপিকার সঙ্গে জুটি বেঁধেছেন রানবির।
শোনা যাচ্ছে খুব শিগগিরই ক্যাটরিনার সঙ্গে সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে যাচ্ছেন রানবির। সম্প্রতি মা নিতু সিং আর ক্যাটরিনাকে নিয়ে রেস্তোরাঁয় নৈশভোজও সারতে দেখা গেছে রানবিরকে। আর তাই হয়তো ক্যাটরিনার শুটিং এ আসাটা এখন আর ‘বারফি’-খ্যাত এই তারকার জন্য বিব্রতকর নয়।
ক্যাটরিনার জন্মদিনের উৎসবে দিপিকা আমন্ত্রিত হবেন কিনা সেটাই এখন সবার কৌতূহলের বিষয়।
