রানবিরকে ‘বিব্রত’ করেন ক্যাটরিনা?
নতুন কোনো সিনেমা মুক্তি না পেলেও সবসময়ই আলোচনায় রানবির কাপুর আর ক্যাটরিনা কাইফ। আর আলোচনার বিষয়বস্তু তাদের 'সম্পর্ক’, যা তারা কখনও স্বীকার করেন না। এবার শোনা যাচ্ছে ‘প্রেমিকা’ ক্যাটরিনাকে নিজের পরের সিনেমার শুটিং এ আসতে মানা করে দিয়েছেন রানবির।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অনুরাগ বসু পরিচালিত ‘জাগ্গা জাসুস’ সিনেমার শুটিং শেষ করেছে এই জুটি। ‘রকস্টার’-খ্যাত ইমতিয়াজ আলির নতুন সিনেমা ‘তামাশা’র শুটিংয়ের জন্য রানবিরের এখন ফ্রান্সে উড়াল দেওয়ার কথা রয়েছে।
গুঞ্জন রয়েছে যখনই রানবির আউটডোরে শুটিংয়ের জন্য যান তাকে সঙ্গ দিতে সেখানে পৌঁছে যান ক্যাটরিনা। কিন্তু এবারই ঘটতে যাচ্ছে ব্যতিক্রম।
ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডে বলছে, ‘তামাশা'র শুটিংয়ে আসতে ক্যাটরিনাকে মানা করেছেন ‘বারফি’-খ্যাত রানবির। আরও বলা হচ্ছে, রানবির চাননা তার জন্য পরিস্থিতি ‘বিব্রতকর’ করে তুলুক ক্যাট।
এর কারণ হিসেবে অনেকেই বলছেন রানবিরের সাবেক প্রেমিকা দিপিকার কথা। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র পর 'তামাশা’ সিনেমায় আবারও জুনিয়র কাপুর জুটি বাঁধছেন দিপিকা পাডুকোনের সঙ্গে।
