২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে টিভিতেই ‘মুক্তি’

কোনো হল না পেয়ে অবশেষে টেলিভিশনের পর্দায় মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ সিনেমা ‘মুক্তি’।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 06:37 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

২০১১ সালে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় ফিরিয়ে দিয়েছে হল মালিকরা। পরিচালক পি.এ. কাজল অবশেষে একটি চ্যানেলের মাধ্যমেই সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নেন।  

ক্ষুব্ধ পি.এ. কাজল বলেন, “মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটি নিয়ে দুই বছর অনেকগুলো হলে ঘোরাফেরা করছি। কিন্তু সবার একই বক্তব্য, আমার সিনেমাটি প্রদর্শন করলে ওদের মারাত্মক ব্যবসায়িক ক্ষতি হবে। ওরা কোনো ঝুঁকি নিতে চায় না। অনেক যত্ন, অনেক পরিশ্রম নিয়ে সিনেমাটি নির্মাণ করেছিলাম। হতাশ হয়ে অবশেষে চ্যানেল আইয়ের মাধ্যমে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিই।”

‘মুক্তি’ প্রসঙ্গে কাজল বলেন, “এ দেশে যতগুলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা নির্মিত হয়েছে, তার অধিকাংশই মুক্তিযুদ্ধকালীন প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। মুক্তিযুদ্ধপরবর্তী সময়ের কাহিনি নিয়ে সিনেমা হয়েছে খুব কম। সিনেমাগুলোতে উঠে আসেনি শিশুদের কথা। আমি ভিন্ন পরিকল্পনা নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি।”

‘মুক্তি’ সিনেমার কেন্দ্রীয় চরিত্র কিসমত। মুক্তিযুদ্ধে বাবাকে হারায় সে। অসহায় মা কিসমতকে পাঠিয়ে দেয় এতিমখানায়। সেখানেই বেড়ে ওঠা। অবসরে বন্ধুদের মুক্তিযুদ্ধের গল্প শোনায় কিসমত। তার গল্পে ফুটে ওঠে বাঙালির স্বাধীনতা সংগ্রামের নানা দৃশ্য। কিসমতের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে শিশুরা শপথ নেয়, এ দেশে কখনও কোনো শত্রু আসতে দেবে না।

‘কিসমত’ চরিত্রে অভিনয় করেছেন স্বচ্ছ। সিনেমাতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিতি ও সোহেল রানা।

সিনেমায় মুক্তিযুদ্ধকালীন নানা ভয়াবহতার কথা তুলে ধরলেও কাজল এড়িয়ে গেছেন রাজাকারদের প্রসঙ্গ। এ ব্যাপারে তার যুক্তি, “শিশুতোষ সিনেমাতে রাজাকার ইস্যুটি তুলে ধরা আমার যুক্তিযুক্ত মনে হয়নি।”

‘মুক্তি’ সিনেমাটি ঈদুল ফিতরের দিন চ্যানেল আইতে দেখানো হবে।


পি.এ. কাজল এখন ‘মায়াময়’ নামে একটি রোমান্টিক সিনেমা নির্মাণ করছেন। সিনেমাতে প্রধান চরিত্রে থাকছেন সায়মন সাদিক এবং নবাগত বিদিশা। ‘গেরিলা’র পর আবার এ সিনেমাতে নেতিবাচক চরিত্রে দেখা যেতে পারে শতাব্দী ওয়াদুদকে।

পি.এ. কাজল নির্মিত ‘গোধূলী’ সিনেমাটি ১৯৯১ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। এরপর তিনি ‘সাব্বাস বাঙালি’, ‘ভণ্ড ওঝা’, ‘গণদুশমন’-সহ ৩০টি সিনেমা পরিচালনা করেছেন। তার নির্মিত সর্বশেষ সিনেমা ‘ভালোবাসা আজকাল’ ২০১৩ সালে মুক্তি পায়।