সীমানা পেরুনো সেই যুবক
বুলবুল আহমেদ চলে গেছেন ২০১০ সালের ১৪ জুলাই। প্রস্থানে রেখে গেছেন অপূরণীয় শূন্যতা। বাংলাদেশের চলচ্চিত্রে স্বাভাবিক ও পরিশীলিত অভিনয়ের যে ধারা তিনি শুরু করেছিলেন সে ধারায় তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। বিশেষ করে সাহিত্যনির্ভর চলচ্চিত্রে তার বিকল্প অভিনেতা খুঁজে পাওয়া সত্যিই কঠিন।
শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী থেকে উঠে আসা এই নায়ক শিক্ষিত মধ্যবিত্তের চরিত্র রূপায়নেই দক্ষতার পরিচয় দিয়েছেন। ১৯৪১ সালের ১৫ সেপ্টেম্বর পুরানো ঢাকার আগামসি লেনে এই প্রতিভাবান অভিনেতার জন্ম। তার ভালো নাম ছিল তাবাররুক আহমেদ। ডাক নাম বুলবুল। তার বাবা খলিল আহমেদ ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তিনি সৌখিন অভিনেতা ও নাট্যকার ছিলেন। নাটকে অভিনয় করে বেশ খ্যাতি পেয়েছিলেন। এ ধরনের পারিবারিক পরিবেশে সংস্কৃতি-মনস্ক তরুণ হিসেবে বেড়ে ওঠেন বুলবুল। ঢাকার কলেজিয়েট স্কুল, নটরডেম কলেজ, সিলেটের এমসি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে চাকরি জীবন শুরু হয়। ইউবিএল ব্যাংকে টিএসসি শাখার ম্যানেজার হন। ১৯৭৫ সালে যখন তিনি চলচ্চিত্রের ব্যস্ত নায়ক তখন ব্যাংকের চাকরি ছেড়ে দেন।
স্বাধীনতার আগে ও পরে অনেক টিভি নাটকেই অভিনয় করেছেন বুলবুল আহমেদ। সুঅভিনয়ের গুণে পেয়েছেন দর্শকের অকুণ্ঠ ভালোবাসা। রুশ সাহিত্যিক দস্তয়েভস্কির বিশ্বখ্যাত উপন্যাস অবলম্বনে টিভি নাটক ‘ইডিয়ট’- এ মূল চরিত্রে তার অভিনয় আজও দর্শকের মনে উজ্জ্বল। নাটকটিতে তার বিপরীতে ছিলেন শম্পা রেজা। টিভি নাটক ছিল বুলবুল আহমেদের ভালোলাগা ও ভালোবাসার ক্ষেত্র। যখন তিনি সিনেমার ব্যস্ত নায়ক তখনও টিভিতে অভিনয় চালিয়ে গেছেন। অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের মালঞ্চ উপন্যাসের টিভিনাট্যরূপ ‘মালঞ্চ’- এ নায়ক চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছিল ব্যাপকভাবে। রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে টিভি নাটক ‘মাল্যদান’-এ অভিনয় করেন তিনি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘বড়দিদি’ অবলম্বনে টিভি নাটকে নায়ক চরিত্রে তার অভিনয় ছিল অসাধারণ। শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ এবং ‘শেষ বিকেলের মেয়ে’ উপন্যাসের টিভি নাট্যরূপেও তিনি ছিলেন মূল চরিত্রে। হুমায়ূন আহমেদের উপন্যাস নন্দিত নরকে’র টিভি নাট্যরূপে প্রধান চরিত্রে অভিনয় করেন বুলবুল আহমেদ। এখানেও তার মানসিক প্রতিবন্ধী বোন রাবেয়ার চরিত্রে অভিনয় করেন মিতা চৌধুরী। হুমায়ূন আহমেদের কাহিনি অনুসারে ধারাবাহিক নাটক এইসব দিনরাত্রিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করে বুলবুল আহমেদ বিপুল দর্শকপ্রিয়তা পেয়েছিলেন।
১৯৭২ সালে আবদুল্লাহ ইউসুফ ইমামের সিনেমার মাধ্যমে রূপালি ভুবনে বুলবুল আহমেদের যাত্রা শুরু হয়। ১৯৭৩ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘ইয়ে করে বিয়ে’। ছবিটির প্রধান নায়ক-নায়িকা ছিলেন উজ্জ্বল ও ববিতা। তবে পার্শ্ব চরিত্র হলেও তার অভিনীত চরিত্রটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। ছবিটি ব্যবসা সফল হওয়ায় চলচ্চিত্রে তার গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়। এরপর তিনি অভিনয় করেন আবদুল্লাহ আল মামুনের ‘অঙ্গীকার’ ছবিতে। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবির তার ছবির নায়ক হিসেবে বেছে নেন বুলবুল আহমেদকে। আলমগীর কবিরের পরিচালনায় বুলবুর আহমেদ অভিনীত ‘সূর্যকন্যা’ ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। ‘সূর্যকন্যা’র নায়ক ভাস্কর, কল্পনাপ্রবণ লেনিন চৌধুরীর চরিত্র অত্যন্ত সার্থকভাবে পর্দায় তুলে ধরেন বুলবুল। আলমগীর কবিরের সঙ্গে তার জুটিতে নির্মিত হয় বেশ কটি শিল্পসার্থক ছবি।
আমজাদ হোসেনের ‘জন্ম থেকে জ্বলছি’ সিনেমাতে ববিতার বিপরীতে নায়ক চরিত্রে মর্মস্পর্শী অভিনয় করে দর্শকের ভালোবাসা কেড়ে নেন তিনি। একের পর এক মুক্তি পায় তার অভিনীত ব্যবসা সফল ও দর্শকনন্দিত সিনেমা ‘ধীরে বহে মেঘনা’,‘রূপালী সৈকতে’, ‘সীমানা পেরিয়ে’, ‘মোহনা’, ‘পুরস্কার’, ‘জীবন নিয়ে জুয়া’, ‘শেষ উত্তর’, ‘মহানায়ক’, ‘দুইজীবন’, ‘বধূবিদায়’, ‘কলমিলতা’, ‘আরাধনা’, ‘ভালোমানুষ’, ‘হারানো মানিক’, ‘অচেনা অতিথি’, ‘শহর থেকে দূরে’,‘সোনার হরিণ’ ইত্যাদি। ‘সীমানা পেরিয়ে’, ‘বধূবিদায়’সহ কয়েকটি ছবিতে তিনি গ্রামীণ তরুণের চরিত্রে অভিনয় করলেও মূলত তার খ্যাতি ছিল শহুরে শিক্ষিত তরুণের ভূমিকায়। তিনি হয়ে ওঠেন আধুনিক শহুরে মধ্যবিত্ত, শিক্ষিত ও ভালোমানুষ যুবকের প্রতীক।
শরৎচন্দ্রের কাহিনি অবলম্বনে নির্মিত ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ এবং ‘শুভদা’ সিনেমায় অভিনয় করেন তিনি। বাংলাভাষার প্রমিত উচ্চারণের উপর তার দখল এবং পরিশীলিত ব্যক্তিত্ব ও অভিনয় প্রতিভা সাহিত্যনির্ভর চলচ্চিত্রে তাকে অপ্রতিদ্বন্দ্বী করে তোলে। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি সিনেমা পরিচালনা করেছেন তিনি। তার পরিচালিত সিনেমার মধ্যে রয়েছে ‘ওয়াদা’, ‘মহানায়ক’, ‘ভালোমানুষ’, ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’, ‘আকর্ষণ’, ‘গরম হাওয়া’, ‘কত যে আপন’ ইত্যাদি। তার প্রযোজিত সিনেমা হলো রাজলক্ষ্মী-শ্রীকান্ত’, ‘আকর্ষণ’, ‘গরম হাওয়া’ ও ‘কত যে আপন’। তার অভিনীত শেষ সিনেমা হলো ‘দুই নয়নের আলো’ এবং শেষ টিভি নাটক ‘বাবার বাড়ি’। নাটকটি তিনি পরিচালনাও করেছিলেন।
