‘নায়িকা হতে এসেছি’
কেবল কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন শিলা। এর আগে বেশ কয়েকটি সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করলেও আর নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
শিলা বলেন, “আমি সিনেমাতে এসেছি নায়িকা হতে। পার্শ্ব অভিনেত্রী হিসেবে কাজ করতে নয়। এতদিন যেসব সিনেমায় কাজ করেছি, তা সমান্তরাল চরিত্র ছিল। কিন্তু এখন আর কোনো সমান্তরাল চরিত্র করব না। মুখ্য চরিত্র না পেলে আমি সে সিনেমাতে কাজ করব না।”
তবে যেসব সিনেমার শুটিং তিনি চলছে সেগুলো শেষ করবেন বলে জানালেন।
শিলা আরও বললেন, এখন থেকে সিনেমা বাছাইয়ের বেলায় গল্প ও চরিত্রের প্রতি বিশেষ মনযোগ দেবেন।
“সামনে যেসব সিনেমার অফার আসবে, খুব ভেবেচিন্তে সাইন করব। যেনতেন চরিত্রে কাজ করব না।”
নাটক থেকে চলচ্চিত্রে আসা শিলার প্রথম সিনেমা ‘ক্ষণিকের ভালোবাসা’। ত্রিভুজ প্রেমের কাহিনি নিয়ে নির্মিত সিনেমাতে শিলার বিপরীতে অভিনয় করেছেন নবাগত জয়। এ সিনেমাতে শিলা অবশ্য নায়িকার ভূমিকাতেই অভিনয় করছেন।
তবে ‘মন জানে না মনের ঠিকানা’, ‘প্রবাসী ডন’, ‘হিটম্যান’, ‘মিয়া বিবি রাজি’ সিনেমাগুলোতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন।
নাচে পারদর্শী শিলার প্রথম নাটক ‘হরেক রঙের মন’। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শীলা সে নাটকে শিশুশিল্পী হিসেবেই কাজ করেন। এরপর অভিনয় করেন মেগা ধারাবাহিক ‘গুলশান এভিনিউ’য়ে। আরও অভিনয় করছেন ‘হিরো’, ‘বনবালা’, ‘রঙের সংসার’, ‘পণ্ডিতের মেলা’সহ আরও বেশকিছু নাটকে।
শিলা জানান, টেলিভিশন নাটকে তিনি আর ফিরে যাবেন না। থাকতে চান চলচ্চিত্রেই।
