‘হায়দার’-এ অন্যরকম শাহিদ কাপুর
প্রকাশিত হয়েছে শাহিদ কাপুরের নতুন সিনেমা ‘হায়দার’-এর পোস্টার ও ট্রেইলার। ভিশাল ভারাদওয়াজের শেক্সপিয়র ট্রিলজির তৃতীয় কিস্তি এই সিনেমাটি। কাশ্মিরের পটভূমিতে হায়দার নামে আবির্ভূত হবে শেক্সপিয়রের হ্যামলেট। আর সেই সঙ্গে দর্শক দেখতে পাবেন অন্যরকম এক শাহিদ কাপুরকে।
সিনেমার শুটিং চলাকালীন টাক মাথার শাহিদ কাপুরের ছবিই ইঙ্গিত দিয়েছিল এই সিনেমার জন্য নিজেকে অনেকটাই বদলে ফেলছেন শাহিদ। আর পোস্টার ও ট্রেইলার দেখে মনে হচ্ছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এই অভিনেতা। ‘কামিনে’র পর ভারাদওয়াজের পরিচালনায় দ্বিতীয় সিনেমায় শাহিদ তার সেরা পারফর্মেন্স দিয়েছে বলে মন্তব্য করেছেন এই নির্মাতা।
পরিচালনার পাশাপাশি ‘হায়দার’-এর সংগীত পরিচালনাও করেছেন ভারাদওয়াজ।
ভারাদওয়াজ-শাহিদ জুটির ‘কামিনে’ সিনেমাটিকে শাহিদের ক্যারিয়ারে মাইলফলক হিসেবে ধরা হয়।
হায়দার হল শেক্সপিয়রের নাটক অবলম্বনে অবলম্বনে নির্মিত ভারাদওয়াজের তৃতীয় সিনেমা, যা নির্মিত হয়েছে ‘হ্যামলেট’ অবলম্বনে। এর আগে তিনি ‘ম্যাকবেথ’ অবলম্বনে ‘মাকবুল’ এবং ‘ওথেলো’র ছায়ায় ‘ওমকারা’ নির্মাণ করেন।
‘হায়দার’-এ ওফেলিয়ার চরিত্রটি পর্দায় রূপায়ন করছেন শ্রদ্ধা কাপুর। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টাবু, কেকে মেনন ও ইরফান খান।
‘হায়দার’ মুক্তি পাচ্ছে ২ অক্টোবর। বক্স অফিসে ‘হায়দার’কে টক্কর দিতে হবে হৃত্বিক রোশান এবং ক্যাটরিনা কাইফের ‘ব্যাং ব্যাং’এর সঙ্গে।
