দর্শকের চাহিদা না তারকা হওয়ার ফায়দা? (ভিডিও)
পাঞ্জাবের চন্ডিগড়ে সম্প্রতি হয়ে গেল ‘হাম্পটি শার্মা কি দুলহানিয়া’র প্রচারণার অংশ হিসেবে একটি অনুষ্ঠান। আর সেখানেই গায়ক হিসেবে আত্মপ্রকাশ প্রকাশ করলেন সিনেমার নায়ক ভারুন ধাওয়ান।
সিনেমার নায়িকা আলিয়া ভাট প্লেব্যাক করেছেন, তাও আবার এ আর রহমানের সুরে। মঞ্চে তার গান গাওয়ার বিষয়টি অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ হিসেবে আগেই ঘোষিত হয়েছিল। কিন্তু সত্যিকার অর্থেই দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন ভারুন।
মাত্র তিন সিনেমা পুরোনো এই অভিনেতা বলেন, “জীবনে প্রথমবারের মতো আমি মঞ্চে গান করলাম। চন্ডিগড়ের ১৭ নাম্বার সেকশনে প্রায় ১০ হাজার দর্শকের সামনে র্যাপার বাদশাহর সঙ্গে পারফর্ম করেছি আমি।”
তার এই গান গাওয়াটা সিনেমার প্রচারণাকে নতুন মাত্রা দেওয়ার একটা পদ্ধতি বলে জানিয়েছেন ভারুন। তিনি বলেন, “আমার আগের সিনেমা ‘ম্যায় তেরা হিরো’র প্রচারণার তুলনায় এবার ভিন্ন কিছু করাটা জরুরী ছিল। আমি আবারও আগের জিনিসটা করতে চাইনি। আমি চেয়েছিলাম আমি আর আলিয়া দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য নতুন কিছু একটা করি। আর তাই নতুনত্ব হিসেবে গান গাওয়ার পরিকল্পনা করি আমরা।”
‘হাইওয়ে’ সিনেমায় ‘সুহা সাহা’ গানটিতে প্লেব্যাক করেন আলিয়া ভাট। ‘এক ভিলেইন’ সিনেমায় ‘গালিয়া’ গানটির আনপ্লাগড সংস্করণে কণ্ঠ দিয়েছেন শ্রদ্ধা কাপুর। ‘হাম্পটি শার্মা কি দুলহানিয়া’র ‘ম্যায় তেনু সামঝাওয়া কি’ গানের আনপ্লাগড সংস্করণও গেয়েছেন আলিয়া। প্লেব্যাক না করলেও দুটি সিঙ্গেল প্রকাশ করে আন্তর্জাতিক পপ সংগীতে বেশ নাম কামিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
কোনো প্রশিক্ষণ ছাড়াই হিন্দি সিনেমার তারকাদের সংগীত শিল্পী বনে যাওয়ার এই ধারা নতুন নয়। অমিতাভ বচ্চন প্রায়ই নিজের সিনেমার জন্য গান গেয়ে থাকেন। এমনকি ‘কাহানি’ সিনেমার জন্য রবীন্দ্র সংগীত ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ও গেয়েছেন তিনি। বলিউডের তিন খানও প্লেব্যাক করেছেন। সম্প্রতি নতুন সিনেমা ‘কিক’ এর জন্য ‘হ্যাংওভার’ গানটি গেয়েছেন সালমান খান।
আলিয়া ভাটের মত পেশাদারিত্বের সঙ্গে গান গাওয়ার কথা না ভাবলেও অল্পসল্প গাইতে আপত্তি নেই ভারুনের, “শ্রদ্ধা এবং আলিয়া বেশ ভাল গান করছে। গায়ক হিসেবে আমার কোন প্রশিক্ষণ নেই। কিন্তু যদি চন্ডিগড়ের অনুষ্ঠানের মতো অল্প কিছু হামিং বা র্যাপিং করতে হয়, তাতে আমার আপত্তি নেই। অমিতাভ বচ্চন থেকে শুরু করে সালমান খান, শাহরুখ খান, গোভিন্দা সবাই কি সিনেমাতে গান করেননি?”
