সাফল্য না পেলে সিনেমা নয়: নাঈম
নায়ক হিসেবে প্রথম সিনেমা ‘রঙধনু’ সাফল্য পেলে তবেই ঢাকাই সিনেমায় থিতু হবেন অভিনেতা এফ এস নাঈম।
“আমার দ্বিতীয় সিনেমা ‘রঙধনু’ কবে মুক্তি পাবে সেই অপেক্ষায় আছি। দর্শক আমাকে নায়ক হিসেবে পছন্দ করলে নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নেব। আপাতত ছবি মুক্তির আগে নতুন কোনো সিনেমাতে অভিনয় করতে চাই না।”
টেলিভিশন নাটকের চেনা মুখ নাঈম আরও বলেন, “নাটকে অভিনয় করে দর্শকের যে ভালোবাসা পেয়েছি চলচ্চিত্রের ক্ষেত্রেও সে রকম না হলে, হয়ত আর কোনো চলচ্চিত্রে অভিনয়ই করব না।”
২০১০ সালে ‘জাগো’ সিনেমার মধ্য দিয়ে নাঈমের চলচ্চিত্রে অভিষেক হয়। ফুটবল খেলাকে ঘিরেই নির্মিত হয়েছিল চলচ্চিত্রটি।
আরও বললেন এখন থেকে আর ঢালাওভাবে টিভি নাটকে কাজ করবেন না। ঈদেও খুব বেশি নাটকে অভিনয় করবেন না তিনি।
“এবার ইচ্ছে করেই অনেক কম ঈদের নাটকে অভিনয় করছি। আমি কোয়ান্টিটিতে না কোয়ালিটিতে বিশ্বাস করি। অল্প হোক ভালো কাজ করে দর্শকের মন জয় করতে চাই। এ কারণেই হাতেগোনা কয়েকটি নাটকে অভিনয় করেছি।”
ঈদ উপলক্ষে ওয়াহিদ আনামের ‘ছিন্ন’ এবং ইমতিয়ার সজীবের ‘সাউন্ড অব সাইলেন্ট’ নাটকে অভিনয় করেছেন তিনি। ‘ছিন্ন’ নাটকে তিশা ও ‘সাউন্ড অব সাইলেন্ট’ নাটকে অগ্নিলা থাকছেন তার বিপরীতে।
