ব্যাটম্যান, সুপারম্যানের বিরুদ্ধে চার ভিলেইন
‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’ সিনেমাটি মুক্তির আগেই দিচ্ছে একের পর এক নতুন চমকের ইঙ্গিত এবার জানা গেছে, জ্যাক স্নাইডার পরিচালিত এই সিনেমায় থাকছে চার জন খলনায়ক।
‘ম্যান অফ স্টিল’ এর সিকুয়েল ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অফ জাস্টিস’ - এ ব্রিটিশ অভিনেতা হেনরি ক্যাভিল সুপারম্যান হিসেবে দ্বিতীয়বার হাজির হচ্ছেন পর্দায়। তবে ব্যাটম্যান হিসেবে বেন আফ্লেকের পর্দায় উপস্থিতি এই প্রথম।
সিনেমাটিতে প্রধান ভিলেইন কর্পোরেট মাস্টার মাইন্ড লেক্স লুথারের চরিত্রে অভিনয় করছেন ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ খ্যাত অভিনেতা জেসি আইসেনবার্গ। লাতিনো রিভিউ বলছে, এই দুই সুপারহিরোর বিরুদ্ধে একা লড়বেন না তিনি। আরও দেখা যাবে কমিক সিরিজটির পরিচিত তিন খলনায়ককে। এরা হলো, সিরিয়াল কিলার ভিক্টর স্যাজ, লেক্সকর্প পিআর এক্সিকিউটিভ মরগান এজ এবং গুপ্তঘাতক ডেভিড কেইন।
যদিও নতুন ভিলেইনদের ব্যাপারে আনুষ্ঠানিক কোন ঘোষণা দেন নি সিনেমাটির নির্মাতারা। তাই জানা যায় নি, চরিত্রগুলোতে কারা অভিনয় করছেন।
জোর গুজব উঠেছিল, সুপারভিলেইন মেটালো এবং সাইকো স্যাডিস্ট ভিলেইন জোকারকেও এই সিনেমাতে দেখা যাবে। কিন্তু এ গুজবকে ভিত্তিহীন বলছে ওয়েবসাইটটি।
ডিসি কমিক্সের আরেক সুপারহিরো অ্যাকুয়াম্যানকেও দেখা যাবে এই সিনেমাটিতে। চরিত্রটিতে অভিনয় করছেন ‘গেইম অফ থ্রোন্স’ খ্যাত অভিনেতা জেসন মোমোয়া। এছাড়াও ‘ওয়ান্ডার উইমেন’ চরিত্রটি করছেন ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাডট।
জ্যাক স্নাইডার পরিচালিত ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অফ জাস্টিস’ মুক্তি পাবে ২০১৬ সালের ৬ মে।
