২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাটরিনার চেয়ে আবেদনময়ী দিপিকা

ক্যাটরিনাকে হারিয়ে এবার বিশ্বের সবচেয়ে আবেদনময়ী নারীর খেতাব পেলেন অভিনেত্রী দিপিকা পাড়ুকোন। ভারতে প্রকাশিত পুরুষদের ম্যাগাজিন এফএইচএম এর উদ্যোগে বিশ্বের শত নারী তারকাকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে এই বার্ষিক জরিপ।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 05:47 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

পরপর তিন বছর সবচেয়ে আবেদনময়ী নারীর এই শীর্ষ আসন ছিল ক্যাটরিনার দখলে। বেশ কয়েকবার দ্বিতীয় স্থানে থাকলেও বিজয়ী হবার সুযোগ দীর্ঘদিন পর পেলেন ‘রাম-লিলা’ অভিনেত্রী। ২০১০ সালে আরও একবার এই খেতাব জিতেছিলেন তিনি।

তবে দিপিকার মতে, দৈহিক সৌন্দর্যের জন্য নয় কাজের স্বীকৃতিস্বরূপ ভক্তরা এই খেতাবে ভূষিত করেছেন তাকে।

“আমার মনে হয় এ খেতাব আমাকে দেওয়া হয়েছে আমার কাজের উপর ভিত্তি করে। আমার মনে হয় না এর সঙ্গে আমার বাহ্যিক সৌন্দর্যের কোনো সম্পর্ক আছে।”

দিপিকা মনে করেন, আবেদনময়ী হওয়ার অর্থ শুধু সুন্দর দেখানোই নয়। আকর্ষণীয় ব্যক্তিত্বও হতে পারে আবেদনময়। আবার কারও রসিকতা করার ক্ষমতা কিংবা আত্মবিশ্বাসও তাকে আবেদনময় করে তুলতে পারে।

অন্যদিকে দিপিকাকে এক নম্বর আসন ছেড়ে দিয়ে ক্যাটরিনা কাইফ চলে গেছেন তৃতীয় স্থানে। আর গত বছরের মতো এ বছরও দ্বিতীয় স্থান ধরে রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া।  

সবাইকে চমকে দিয়ে ৭২তম স্থান থেকে এক লাফে চতুর্থ স্থানে উঠে এসেছেন ‘ম্যায় তেরা হিরো’-র অভিনেত্রী নার্গিস ফাখরি।

তবে নার্গিসের চেয়েও বেশি অবাক করেছেন অভিনেত্রী শ্রুতি হাসান। গত বছর যিনি ছিলেন ৮৮তম অবস্থানে, এবার তিনি আছেন পঞ্চম স্থানে।

‘ম্যায় তেরা হিরো’-র সাফল্য ছুঁয়েছে সিনেমার আরেক নায়িকা ইলিয়ানা ডি ক্রুজকেও। ৭৬ নম্বর থেকে উঠে এসেছেন ৮ নম্বরে।

২০১৩ সালে ‘মাতরু কি বিজলি কা মান্ডোলা’র ব্যর্থতার পর এখনও মুক্তি পায়নি অভিনেত্রী আনুশকা শর্মার কোনো সিনেমা। আবেদনময়ী নারীদের এই তালিকায় গত বছর চতুর্থ স্থানে থাকলেও এবার তার কপালে জুটেছে ষষ্ঠ স্থানটি।

নিচে নেমে গেছে কারিনা কাপুর খানের অবস্থানও। ‘গোরি তেরে প্যায়ার মে’র ব্যর্থতার পর এবার অষ্টম থেকে নেমে তিনি আছেন একাদশে।