‘আমার দোষ একটাই, আমি মেয়ে'
সাবেক প্রেমিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে হিন্দি সিনেমার তারকা প্রিতি জিনটার আইনি লড়াই নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। নিজের ফেইসবুক পেইজে সেসব প্রশ্নের জবাব দিয়েছেন প্রিতি।
বুধবার সকালে নিজের ফেইসবুক পেইজ ‘রিয়েল প্রিতি জিনটা’র মাধ্যমে অনলাইনে ভক্তদের সঙ্গে কথা বলেছেন প্রিতি। অনেকেই প্রশ্ন করেন, নেস ওয়াদিয়ার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করার বিষয়টি ছেলেমানুষি হয়েছে কি না।
জবাবে প্রিতি লেখেন, “এটা মোটেই তুচ্ছ কিংবা ছেলেমানুষি অভিযোগ নয়। আমি অতীতে কখনও মিথ্যা বলিনি এবং নিজের সুবিধামতো মিথ্যা বলি না। আমি আমার দেশের একজন দায়িত্বশীল নাগরিক এবং আমার দোষ একটাই, আমি মেয়ে, ক্রমাগত এমন একজনের কাছ থেকে হয়রানি, হুমকি আর অবমাননার শিকার হয়েছি, যে একসময় আমার খুব কাছের মানুষ ছিল।”
অনেকেই প্রিতিকে প্রশ্ন করেছিলেন, নিজের ব্যক্তিগত ব্যাপার কেন পুলিশকে জানালেন তিনি।
উত্তরে প্রিতি লেখেন, “ব্যক্তিগত ব্যাপার? সত্যি? সবার অবগতির জন্য বলছি, নেসের সঙ্গে আমি সম্পর্ক ভেঙেছি ২০০৯ সালে। আমাদের সম্পর্ক থাকাকালীন কোনোদিন আমাকে কেউ দেখেনি পুলিশের কাছে যেতে। আমাদের সম্পর্ক ভাঙার ৬ বছর পার হয়েছে, আমার কাছে এখন বিষয়টি মোটেও ব্যক্তিগত ব্যাপার নয়।”
গুঞ্জন উঠেছিল, হয়ত টাকার জন্য এই মামলা করেছেন প্রিতি।
এই বিষয়ে প্রিতি বলেন, “আইপিএলে বিনিয়োগের সিদ্ধান্ত ছিল আমার নিজের। আইপিএলের বিডে আমি ৫ কোটি রুপি বিনিয়োগ করেছিলাম, এমনকি নেসের পক্ষ থেকেও আমি ৫ কোটি রুপি দিয়েছিলাম। তবে স্বীকার করতেই হবে, কয়েক মাস পর আমাকে সেই টাকা ফেরত দিয়েছিলেন নেস।”
তবে কি উদ্দেশ্য ছিল খ্যাতি পাওয়া?
প্রিতির জবাব, “এ ধরনের ঘটনায় খ্যাতির চেয়ে বরং কুখ্যাতিই বেশি পাওয়া যায়, এসব বিষয়ে কেউ সহজে জড়াতে চায় না। বিশেষ করে যদি আপনার আত্মসম্মান বলে কিছু থাকে। আমার এই ধরনের খ্যাতি দরকার নেই।”
মামলা করার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রে উড়াল দেন প্রিতি। জানা যায়, ওখানে বাড়ি কিনে স্থায়ী বসত গড়বেন তিনি। প্রিতির এই সিদ্ধান্তে অনেকেই ভেবেছেন, হয়ত-বা ‘পালিয়ে’ গেছেন তিনি।
তবে প্রিতি জানান, কাজের খাতিরেই যুক্তরাষ্ট্রে যেতে হয়েছিল তাকে। কাজ শেষে পুলিশকে তদন্তে সহায়তা করার জন্য আবার ভারতে ফিরে এসেছেন তিনি।
প্রিতির এই মামলার পর নেসের বাবা নুসলি ওয়াদিয়াকে মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের ডনের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছে, এমন খবর প্রকাশিত হয়েছিল সম্প্রতি। কিন্তু প্রিতি জানালেন, এ ব্যাপারে কিছুই জানতেন না তিনি।
৩০ মে আইপিএলের শেষ ম্যাচের দিন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সাবেক জুটি নেস এবং প্রিতি, যা শেষমেশ মোড় নেয় আইনি লড়াইয়ে। ১২ জুন মুম্বাই পুলিশের কাছে নেসের বিরুদ্ধে হয়রানির মামলা করেন প্রিতি।
প্রিতির এই মামলায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
