২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দাদার কীর্তি'তে বিপাকে 'দিদি'

সিনেমার পর্দায় নারীর সম্মান রক্ষায় বারবার লড়েছেন যে তাপস পাল, তিনিই বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের পরিবারের নারী সদস্যদের ধর্ষণের হুমকি দেওয়ায় স্বাভাবিকভাবেই উঠেছে বিতর্কের ঝড়। তৃণমূল কংগ্রেসের এই সাংসদের সদস্যপদ বাতিলসহ পুলিশি তদন্তেরও দাবি উঠেছে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 06:16 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমের খবর অনুযায়ী, ক্ষমতাসীন দল বিজেপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ৫৫ বছর বয়সী তাপস পালের গ্রেফতার দাবি করেছে। একই সঙ্গে বিজেপি সিদ্ধান্ত নিয়েছে বক্তব্যের ভিডিও লোকসভার স্পিকারকে দেওয়া হবে। 

সিনিয়র বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ ভারতীয় দৈনিক 'দ্য হিন্দু’কে বলেছেন, “টিএমসি এমপি তাপস পালের দুটি ভিডিও প্রকাশের পরও মমতা ব্যানার্জি তাকে বাঁচানোর চেষ্টা করছেন। এটা তৃণমূলের গুণ্ডা বাঁচানোর নীতি। ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না। সংসদে আসন ছাড়তে হবে তাকে।”

শুধু তাই নয়, তৃণমূলের এই সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করারও দাবি জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার দলের প্রধান, অন্যান্য নেতা ও গণমাধ্যমকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চান তাপস পাল।

চিঠিতে তিনি পরিবার ও সহকর্মীদের কাছেও ক্ষমা প্রর্থনা করেন। বিশেষভাবে ক্ষমা চান সমাজের প্রত্যেক নারীর কাছে।

চিঠি প্রকাশের তিন ঘণ্টা পর টিএমকে প্রধান ও পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “সে একটি মারাত্মক ভুল করেছে। দল থেকে তাকে সতর্ক করা হয়েছে। আপনারা আর কী চান, আমি আর কী করতে পারি?”

তিনি আরও বলেন, “আপনারা কী চান? তাকে নিয়ে আমি কী করব, খুন করব?”

তাপস পালকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করার কথাও বলেন মমতা।

পশ্চিমবঙ্গের চৌমুহা গ্রামে এক কর্মীসভায় সোমবার এই তারকা রাজনীতিবিদ বলেন, “সিপিআইএম-এর (কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মার্কসিস্ট) একজনও যদি কাউকে ছোঁয়ার সাহস দেখায়, তাকে ছেড়ে দেবে না তাপস পাল।

তিনি আরও বলেন, “তাদের ঘরে যেতে, তাদের ‘রেইপ’ করে ছেড়ে দিয়ে আসতে” সমর্থকদের নির্দেশ দেবেন তিনি। 

তার বক্তব্যের ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ার পর গণমাধ্যমে সাড়া পড়ে যায়। এরপর পশ্চিমবঙ্গের একটি বাংলা নিউজ চ্যানেলে আরও একটি ভিডিও প্রচার হয়, যেখানে দেখা যায় তেহাট্টা গ্রামের এক শোকসভাতে একই ধরনের বক্তব্য দিচ্ছেন তিনি।

আশির দশকের কমেডিধর্মী সিনেমা ‘দাদার কীর্তি’ দিয়ে খ্যাতি লাভ করা এই অভিনেতা তিন দশকেরও দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন ‘অবোধ’, ‘পথভোলা’, ‘ভালোবাসা ভালোবাসা’ এবং ‘সাহেব’-এর মতো হিট সিনেমায়।

পুরনো খবর:

ধর্ষণের হুমকি দিয়ে বিপাকে তাপস পাল