‘এক ভিলেইন’ই নায়ক
বলিউডের বক্স অফিসের নায়ক ‘এক ভিলেইন’। মুক্তির তিন দিনেই সিনেমাটির আয় ছাড়িয়ে গেছে পঞ্চাশ কোটি রুপি। বিশ্লেষকরা বলছেন, মুক্তির প্রথম সপ্তাহে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ডটি এখন শ্রদ্ধা কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা আর রিতেশ দেশমুখ অভিনীত এই সিনেমার দখলে।
ভারতের বক্স অফিস বিশ্লেষক তারান আদর্শ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেন, “এই বছরে উইকেন্ডে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ‘এক ভিলেইন’।” টুইটের সঙ্গে বলিউড হাঙ্গামায় প্রকাশিত একটি তালিকাও দিয়ে দেন তারান। তালিকাটি অনুসারে, জানুয়ারিতে মুক্তি পাওয়া সালমান খান অভিনীত সিনেমা ‘জয় হো’র পরের অবস্থানেই আছে সিনেমাটি।
মুক্তির সঙ্গে সঙ্গে এমন সাড়া পাওয়ায় দারুণ খুশি সিনেমাটির প্রযোজনা সংস্থা বালাজি ফিল্মস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী তানুজ গার্গ জানান, তাদের সিনেমাগুলির মধ্যে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে এই সিনেমাটি।
“কেবল আমাদের জন্য নয়, ইন্ডাস্ট্রিতে এখন সিনেমার যে ধারা চলছে, সেদিক থেকে বলতে গেলে সাম্প্রতিক সময়ে এটাই সবচেয়ে বেশি আয়ের রেকর্ড। কোন সরকারি ছুটি না থাকা সত্ত্বেও আমরা অনেক ভাল ব্যবসা করেছি।”
কেবল ভারতেই নয় ‘এক ভিলেইন’ আন্তর্জাতিক বাজারেও ভালো করছে। আর তাতে কপাল পুড়েছে সাইফ আলি খান, বিপাশা বসু, রিতেশ দেশমুখদের মতো তারকাহুল সিনেমা ‘হামশাকালস’-এর।
তারান আদর্শের টুইট, “এটা বিষ্ময়কর! দুই দিনের মধ্যেই যুক্তরাজ্যের বাজারে ‘হামশাকালস’কে পেছনে ফেলে দিয়েছে ‘এক ভিলেইন’। অথচ’ ‘হামশাকালস’-এর অর্ধেক সংখ্যক হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।”
‘এক ভিলেইন’-এর মাধ্যমে প্রথমবারের মতো পারিবারিক প্রযোজনা প্রতিষ্ঠান ‘ভিশেস ফিল্মস’-এর বাইরে গিয়ে পরিচালনা করেছেন মোহিত সুরি। তাই একটু বেশিই খুশি ‘আশিকি টু’ খ্যাত এই নির্মাতা।
“আমি খুবই খুশি। সিনেমাটি অভাবনীয় সাড়া ফেলেছে। ‘এক ভিলেইন’-এর এই আয়ই প্রমাণ করে দৃঢ় প্রত্যয়, গভীর ভালবাসা এবং ভাল গল্প নিয়ে সিনেমা বানালে সেটা সফল হবেই।”
