স্যাটার্ন অ্যাওয়ার্ডসেও ‘গ্র্যাভিটি’ই শীর্ষে
৮৬তম অস্কার আসরে সর্বোচ্চ অ্যাওয়ার্ড জেতার পর ৪০ তম স্যাটার্ন অ্যাওয়ার্ডস আসরও ছিল সাই-ফাই সিনেমা ‘গ্র্যাভিটি’-এর দখলে।
স্পাইক জোনস পরিচালিত ‘হার’ এবং শেন ব্ল্যাক পরিচালিত ‘আয়রন ম্যান থ্রি’ যৌথভাবে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে তিনটি করে অ্যাওয়ার্ড জিতে। সেরা ফ্যান্টাসিধর্মী চলচ্চিত্র বিভাগে ‘হার’ সেরা চলচ্চিত্র নির্বাচিত হওয়ার পাশাপাশি সেরা চিত্রনাট্যের জন্য স্পাইক জোনস এবং পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে স্কারলেট জোহানসন সম্মানিত হয়েছেন।
এছাড়া সেরা ভৌতিক চলচ্চিত্র বিভাগে ‘দা কনজিউরিং’, সেরা অ্যাকশন চলচ্চিত্র বিভাগে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স’, সেরা থ্রিলার চলচ্চিত্র বিভাগে ‘ওয়ার্ল্ড ওয়ার জি’, সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র বিভাগে ‘ফ্রোজেন’ এবং সেরা স্বাধীন চলচ্চিত্র বিভাগে ‘টুয়েলভ ইয়ারস এ স্লেইভ’ শ্রেষ্ঠত্ব অর্জন করে।
বিশেষ সম্মাননা বিভাগে ‘হানিবাল’ খ্যাত মার্কিন চিত্রনাট্যকার ব্রায়ান ফুলার অর্জন করেন দা ড্যান কার্টিস লেগাসি অ্যাওয়ার্ড। এছাড়া স্পেশাল ইফেক্ট বিশেষজ্ঞ গ্রেগ নিকেটোরো জর্জ পল মেমরিয়াল অ্যাওয়ার্ড এবং ‘স্টার ট্রেক দিজ আর দা ভয়াজ: সিজন ওয়ান অ্যান্ড টু’ বইয়ের জন্য মার্ক কুশমান বিশেষ পরিচিতি অ্যাওয়ার্ড লাভ করেন।
প্রত্যেক বছরের মতো এবারও রোমাঞ্চকর এবং ভৌতিক চলচ্চিত্রগুলোকে সম্মাননা প্রদানের জন্য বসেছিল স্যাটার্ন অ্যাওয়ার্ডসের আসর। এবারের অনুষ্ঠান আয়োজিত হয় ক্যালিফোর্নিয়ার বারবাঙ্কে অবস্থিত ক্যাস্ট অ্যাওয়ে স্টারলিং বলরুমে।
