আমির-সালমান একসঙ্গে তবে আছে শর্ত
নব্বইয়ের দশকের কমেডি সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’-এর সিকুয়াল নিয়ে কাজ শুরু করে দিয়েছেন নির্মাতা রাজকুমার সান্তোশি। এই সিনেমার মাধ্যমে দুই দশক পর আবার রূপালি পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে আমির খান ও সালমান খানকে।
হিন্দি সিনেমার দুই মেগাস্টার এই সিনেমায় কাজ করার আগ্রহও দেখিয়েছেন। কিন্তু সান্তোশির একটা শর্ত রয়েছে। আর তা হচ্ছে, সিনেমাটি প্রযোজনার ভার নিলেই কেবল এই দুই তারকাকে সিনেমায় নেবেন তিনি।
সান্তোশি বলেন, “দুজনকেই একসঙ্গে আবার সিনেমায় আনা এখন সম্ভব নয়। তখন পরিস্থিতি ছিল ভিন্ন। কিন্তু এখন তারা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় দুই তারকা।”
সালমান এবং আমির দুজনই হিন্দি সিনেমা সবচেয়ে ‘দামি’ অভিনেতাদের মধ্যে শীর্ষে আছেন। সিনেমাপ্রতি তাদের পারিশ্রমিক এতই যে একই সিনেমায় তাদের চুক্তিবদ্ধ করতে চাইলে প্রযোজকদের বাজেট সীমা ছাড়াবে।
সান্তোশি বলেন, “তারা দুজনেই (আমির এবং সালমান) বারবার বলছে, সিনেমাটিতে তারা থাকতে চায়। আর তাই, চিত্রনাট্যের কাজ শেষ হয়ে গেলে আমি তাদের সঙ্গে বসব। তাদের মতো বড় বড় তারকাকে একসঙ্গে চুক্তিবদ্ধ করা সম্ভব নয়। আমির-সালমানকে সিনেমায় রাখা সম্ভব হবে তখনই, যখন প্রযোজনার ভারটাও তারা দুজনে মিলেই নেবে।”
তিনি আরও বলেন, “তারা চাইছেন, সিনেমার চিত্রনাট্য যেন ভাল আর হাস্যরসে ভরপুর হয়। বলটা তাই এখন আমার কোর্টে। আমাকে এখন তাদের চাহিদা অনুযায়ী খুব ভালো একটা চিত্রনাট্য দাঁড় করাতে হবে।”
তবে, এই প্রজন্মের অভিনেতাদের কথাও মাথায় রাখছেন সান্তোশি।
১৯৯৪ সালের সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’-র গল্প এগিয়েছিল অমর এবং প্রেম নামের দুই তরুণকে ঘিরে যাদের একমাত্র স্বপ্ন ধনকুবের মিস্টার বাজাজের কন্যা কারিশমাকে বিয়ে করা। সিনেমার প্রধান চরিত্রগুলোতে আমির-সালমানের পাশাপাশি অভিনয় করেছিলেন রাভিনা ট্যান্ডন, কারিশমা কাপুর, পরেশ রাওয়াল এবং শক্তি কাপুর। মিউজিক্যাল কমেডি ঘরানার এই সিনেমা সে সময় বক্স অফিসে ভালো ব্যবসা করতে না পারলেও ধীরে ধীরে একটি কাল্ট সিনেমায় পরিণত হয়। এটিই একমাত্র সিনেমায় যেখানে একসঙ্গে কাজ করেছেন আমির খান ও সালমান খান।
