২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষে ‘টোয়েন্টি টু জাম্প স্ট্রিট’

মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে শীর্ষস্থান দখল করে নিয়েছে আন্ডারকভার কপ কমেডি মুভি ‘টোয়েন্টি টু জাম্প স্ট্রিট’। ১৫ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুনরবি অমিয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 05:01 PM

Updated : 13 Oct 2022, 12:14 PM

মুভিটি ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘টোয়েন্টি ওয়ান জাম্প স্ট্রিট’-এর সিকুয়াল। ক্রিস মিলার ও ফিল লর্ড পরিচালিত দুটি সিনেমাতেই মূলচরিত্রে অভিনয় করেছেন জোনাহ হিল এবং চ্যানিং ট্যাট্যাম। ৫ কোটি মার্কিন ডলার আয় করে এ সপ্তাহে দ্বিতীয় স্থানে আছে অ্যানিমেটেড মুভি ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন টু’।

গত সপ্তাহে বক্স অফিসে এক নম্বরে থাকা ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ নেমে গেছে পঞ্চম স্থানে। এ সপ্তাহে মুভিটি আয় করেছে ১ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার। ক্যান্সারের সঙ্গে লড়তে থাকা এক টিনএজারের জীবন নিয়ে নির্মিত এই মুভিটির মোট আয় ৮ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন ‘দ্য সিক্রেট লাইফ অফ এ আমেরিকান টিনএজার’খ্যাত শেইলিন উডলি।

অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ‘ম্যালেফিসেন্ট’ এক ধাপ নিচে নেমে এখন আছে তৃতীয় স্থানে। আর চতুর্থ স্থানে আছে টম ক্রুজের সাই ফাই মুভি ‘এজ অফ টুমরো’। 

এদিকে আর-রেটেড মুভির ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল সিনেমার দ্বিতীয়স্থান দখল করার পথে আছে সনি পিকচার্স পরিবেশিত ‘টোয়েন্টি টু জাম্প স্ট্রিট’ মুভিটি। মুক্তির প্রথম সপ্তাহেই ৮ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার আয় করে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবসাসফল আর-রেটেড মুভি ‘দ্যা হ্যাংওভার টু’।

অ্যানিমেটেড মুভি ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন টু’-এর সাফল্যে বিস্মিত প্রযোজনা প্রতিষ্ঠান টোয়েন্টিয়েথ ফক্স সেঞ্চুরিও। মুক্তির প্রথম সপ্তাহে চার থেকে সাড়ে চার কোটি আয়ের লক্ষ্যমাত্রা থাকলেও মুভিটি আয় করেছে ৫ কোটি মার্কিন ডলার।

বক্স অফিস বিশেষজ্ঞ পল ডারগারবেদিয়ান বলেন, “কোনো স্টুডিওর যখন নিজেদের উপর প্রচণ্ড আত্মবিশ্বাস থাকে, তখনই কেবল তারা গ্রীষ্মের প্রতিযোগিতামূলক সময়ে সিনেমা মুক্তি দেয়।” 

“একই সপ্তাহে বড় মাপের দুটি মুভি মুক্তি পাওয়ার ঘটনাটা বেশ বিরল”, আরও বলেন তিনি। হলিউডের ইতিহাসে এর আগে এমন ঘটনা ঘটেছে মাত্র তিনবার। ২০১৩ সালে ‘মনস্টারস ইউনিভার্সিটি’ ও ‘ওয়ার্ল্ড ওয়ার জি’ মুক্তি পেয়েছিল একসঙ্গে। এর আগে ২০১২ সালে ‘মাদাগাস্কার থ্রি’ ও ‘প্রমিথিউস’ এবং ২০০৮ সালে ‘ওয়াল-ই’ ও ওয়ান্টেড’ একই সপ্তাহে মুক্তি পায়।