২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার অতীতে এক্স-মেন 

‘এক্স-মেন: ডেইজ অফ ফিউচার পাস্ট’-এ এক্স-ম্যানদের ইতিহাসই পাল্টে গেছে। জানা গেছে, এবার পরের ছবি ‘এক্স-মেন: অ্যাপোকালিপ্স’-এ আরও একবার এক্স-মেনের অতীতে উঁকি মেরে দেখার সুযোগ পাবেন দর্শকরা।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 07:48 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

সিরিজের পরবর্তী সিনেমার লেখক সাইমন কিনবার্গ জানিয়েছেন এবার এক্স-ম্যানদের দেখা যাবে ১৯৮৩ সালে অর্থাৎ ‘এক্স-মেন: ডেইজ অফ ফিউচার পাস্ট’-এর ঠিক একদশক পর। 

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, ‘দ্য কিউ অ্যান্ড এ উইথ জেগ গোল্ডস্মিথ’- এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ‘এক্স-মেন: অ্যাপোকালিপ্স’ সম্পর্কে নতুন অনেক তথ্যই প্রকাশ করেছেন কিনবার্গ। তিনি জানান পরের পর্বে প্রফেসর জেভিয়ার্স, ম্যাগনিটোর পাশাপাশি দেখানো হবে সাইক্লপস, স্টর্ম, জিন গ্রে, নাইটক্রলারের মতো শুরুর দিককার এক্স-মেনের অতীতও।

“পরবর্তী সিনেমাটা হবে ১৯৮৩ সালের ঘটনা নিয়ে। হিসেব কষলে বলে দেওয়া যায়, স্টর্ম, জিন গ্রে আর সাইক্লপস ওই সময় ছিল টিন এজার।”

কিছুদিন আগেই অবশ্য এই তালিকায় আরেক এক্স-ম্যান গ্যামবিটের সংযুক্তির কথা নিশ্চিত করেছে মার্ভেল কর্তৃপক্ষ। এই চরিত্রে অভিনয়ের জন্য চ্যানিং ট্যাট্যাম আগ্রহ প্রকাশ করে আসছিলেন অনেকদিন ধরেই। বিভিন্ন সাক্ষাৎকারে, “এক্স-মেনের একজন হতে মুখিয়ে আছি”, “গ্যামবিট চরিত্রটি পেতে যে কোন কিছু করতে প্রস্তুত”-- এমন সব বক্তব্য দিয়ে শিরোনামে ছিলেন বছরজুড়েই। শেষমেশ ‘টোয়েন্টি ওয়ান জাম্প স্ট্রিট’খ্যাত এই তারকাকেই চরিত্রটিতে চুক্তিবদ্ধ করেছেন নির্মাতারা।  

ব্রায়ান সিঙ্গারের নতুন ‘এক্স-মেন’ সিরিজের প্রথম সিনেমা থেকেই দেখানো হচ্ছে এক্স-ম্যানদের ইতিহাস। ‘এক্স-মেন: ফার্স্ট ক্লাস’- তৈরি হয়েছিল ষাটের দশকের প্রেক্ষাপটে। দ্বিতীয় সিনেমায় অবশ্য অতীত আর ভবিষ্যতের ঘটনা এগিয়েছে সমান তালে। তৃতীয় সিনেমার গল্প এগুবে সবচেয়ে প্রাচীন মিউট্যান্ট ‘অ্যাপোকালিপ্স’কে ঘিরে। ৫ হাজার বছর আগের এই মিউট্যান্ট আশির দশকের দুনিয়ায় ফিরে এসেই পুরো পৃথিবীর শাসনকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নামে। 

এবারের পর্বের পরিচালনাতেও থাকছেন সিঙ্গার। ম্যাকাভয়, ফ্যাসবেন্ডারদের পাশাপাশি ফিরছেন জেনিফার লরেন্স (মিস্টিক) আর নিকোলাস হল্টও (বিস্ট)।

কুইকসিলভারের চরিত্রে পিটার ইভান্সও থাকছেন। ২০১৬ সালের ২৭ মে মুক্তি পাবে সিনেমাটি।