অভিনয় ছাড়ছেন উদয়?
দীর্ঘ ১৪ বছরের বলিউডি ক্যারিয়ারের পর অভিনেতা উদয় চোপড়া এবার ক্যারিয়ার বদলের বিবেচনা করছেন। অভিনয় ছেড়ে এখন থেকে প্রযোজনা আর পরিচালনাতেই মন দেবেন বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি বিষয়টি নিয়ে উদয় বলেন, “অভিনয় ছেড়ে দিচ্ছি আমি। আমাকে দিয়ে অভিনয় হবে না। আমি এখন অন্য দিকে মনোযোগ দিতে চাই। আর অভিনয় করার মতো সময়ও নেই আমার।”
ধুম সিরিজে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ একটি চরিত্রে অভিনয় করেছেন উদয়। তার অভিনয় ছেড়ে দেবার সিদ্ধান্তে প্রভাব পরতে পারে সিরিজটির পরবর্তী সিনেমায়।
এ বিষয়ে উদয় বলেন, “যদি ‘ধুম ফোর’-এ আমার প্রয়োজন হয় তাহলে আমি এর জন্য সময় বের করে নেবো। আর না হলে অভিনয় থেকে পাকাপাকিভাবেই বিরতি নিচ্ছি আমি।”
ইয়াশ রাজ ফিল্মসের প্রধান নির্বাহী উদয় এই মুহুর্তে দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক শাখার। মুম্বাই ছেড়ে উদয় এখন তাই থাকছেন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে।
উদয় বর্তমানে তার প্রযোজিত প্রথম হলিউডি সিনেমা ‘গ্রেস অফ মোনাকো’র প্রচারণায় ব্যস্ত। তিনি প্রযোজনার পাশাপাশি পরিচালনার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন।
কিংবদন্তী বলিউডি পরিচালক ইয়াশ চাপড়ার ছেলে উদয় মনে করেন, জন্মসূত্রেই তার মধ্যে পরিচালনার বৈশিষ্ট্য রয়েছে।
৪১ বছর বয়সী ওই অভিনেতা বলেন, “আমার পরিবারের প্রায় সকলেই পরিচালক। সে দিক থেকে আমি চেষ্টা করতেই পারি। আর সেক্ষেত্রে আমি ভারতেই সিনেমা নির্মাণ করবো।”
