২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইটহুডে ভূষিত ডে লুইস ও জোলি

প্রতিবছরের মতো এবারও ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনে দেওয়া হল নাইটহুড উপাধি। সামাজিক এবং জনসচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখার জন্য দেওয়া হয় এই সম্মননা। এ বছর ‘নাইটহুড’ উপাধিতে ভূষিত হলেন তিনবারের অস্কারজয়ী অভিনেতা ড্যানিয়েল ডে লুইস, অভিনেত্রী ম্যাগি স্মিথসহ আরও অনেকে । মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি অর্জন করলেন ‘সম্মানসুচক’ নাইটহুড উপাধি।

সেঁজুতি শোণিমা নদী

শরীফুল হক আনন্দ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 01:50 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

রয়টার্স জানায়, ‘লিঙ্কন’-খ্যাত অভিনেতা ড্যানিয়েল ডে লুইস ‘অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার’ শ্রেণিতে এই উপাধিতে ভূষিত হয়েছেন অভিনয় ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য।

ওদিকে মানবতামূলক কাজে অবদান রাখার জন্য রানির জন্মদিনে এই সম্মাননায় ভূষিত হলেন ৩৯ বছর বয়সী জোলি।

সাধারণত ব্রিটিশ নাগরিকরাই নাইটহুড উপাধিতে ভূষিত হন। জোলি ব্রিটিশ না হওয়া সত্ত্বেও সম্মানসূচক এই উপাধিটি অর্জন করলেন জাতিসংঘসহ বিভিন্ন মানবসেবামূলক প্রতিষ্ঠানে উজ্জ্বল ভূমিকার কারণে।

জাতিসংঘের বিশেষ দূত হিসেবে অ্যাঞ্জেলিনা জোলি বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত স্থানে যৌন নিপীড়ন বন্ধের জন্য সাহসী ভূমিকা পালন করছেন। এছাড়াও ব্রিটেনের পররাষ্ট্রনীতিতে মানবসেবামূলক কর্মকাণ্ড বৃদ্ধিতে তার বিশেষ অবদান রয়েছে।

২০১২ সালে ব্রিটিশ পররাষ্ট্রসচিব উইলিয়াম হেইগকে সঙ্গে নিয়ে জোলি যৌনপীড়ন বন্ধে এই কর্মসূচির কাজ শুরু করেন। চলতি সপ্তাহেও লন্ডনে এ বিষয়ে জোলি বক্তব্য রাখেন।

শনিবারে প্রকাশ করা হয় এই উপাধিতে ভূষিত হতে যাওয়া ব্যক্তিবর্গের নাম।

এক বিবৃতিতে জোলি জানান, “বৈদেশিক নীতিমালায় অবদান রেখে এ রকম সম্মাননায় ভূষিত হওয়াটা আমার কাছে অনেক বড় একটি ব্যাপার। এ রকম উন্নয়নমূলক কাজের সঙ্গেই সবসময় আমি নিজেকে জড়িত রাখতে চাই।” 

সম্মাননার এই তালিকায় আরও আছেন ‘হ্যারি পটার’-খ্যাত ব্রিটিশ অভিনেত্রী ম্যাগি স্মিথ। ‘রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অবদান’ রাখায় ৬৫ জনের ‘কমপ্যানিয়ন অফ অনার’ খেতাবপ্রাপ্তদের তালিকায় স্থান করে নিয়েছেন দুবারের অস্কারজয়ী এই অভিনেত্রী।

অল্পবয়সে ক্যান্সার রোধে সচেতনতা বৃদ্ধির জন্য মরণোত্তর সম্মাননা পাচ্ছেন ব্রিটিশ ব্লগার স্টিফেন সাটন। ১৯ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাবার পূর্বে তিনি ‘টিনএইজ ক্যান্সার ট্রাস্ট’-এর জন্য তিনি প্রায় চল্লিশ লাখ ডলার সংগ্রহ করেন।

সাহিত্যে অবদান রাখার জন্য নাইটহুডে ভূষিত হয়েছেন ‘উলফ হল’-খ্যাত ঔপন্যাসিক হিলারি ম্যান্টেল। ক্রিড়ায় গলফার লরা ডেভিস, সংগীতে পিয়ানোবাদক আন্ড্রাস শিফ এবং বস্ত্রখাতে অবদানের জন্য এই উপাধিতে ভূষিত হয়েছেন ফ্যাশন ডিজাইনার জান্ড্রা রোডস।