২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাবার কাছে অনেক কিছু শেখার ছিল’

বাবা দিবসে বাবা পণ্ডিত বারীণ মজুমদারকে নিয়ে লিখেছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> বাপ্পা মজুমদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 08:13 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

আমার জন্ম সংগীত পরিবারে। বাবা পণ্ডিত বারীণ মজুমদার ও মা ইলা মজুমদার - বিশাল বড় দুজন মানুষ। এমন পরিবারে আমার বা আমাদের জন্ম হয়েছে, এটা চরম একটা সৌভাগ্য।

বাবা আমার কাছে একজন ইশ্বরতুল্য মানুষ। বাবাকে আমি সেই জায়গাতেই দেখেছি এবং সারাজীবন দেখবো। বাবা আমার কাছে হচ্ছেন আর সব বাবার মতো শেষ আশ্রয়স্থল। মাকেও তেমনি পেয়েছি।

বাবা অসম্ভব ডেডিকেটেড একজন মানুষ ছিলেন। সংগীতের প্রতি তো অবশ্যই পরিবারের প্রতিও তার ডেডিকেশন কম ছিল না। একটা সময় আমাদের পরিবারে বেশ অভাব ছিল। আমার যতোদূর মনে পড়ে, তিনি আমাদের কোনোপ্রকারেই সে অভাব বুঝতে দেননি। এটা আমার মনে হয় বাবার অসামান্য একটা গুণ ছিল। তবে তিনি বুঝতে না দিলেও আমরা কিন্তু বুঝতাম।

আমার বাবা শুধু সংগীতের না আমাদের জীবনের গুরু। তার শিক্ষাতেই আমরা চলেছি, তার দেওয়া শিক্ষাই আমাদের এতোদূর নিয়ে এসেছে।

একটা পরিবারের শীর্ষস্থানে অবস্থান করেন বাবা। সেই জায়গায় দাড়িয়ে বাবা-মা আমাদের কিছু মূল্যবোধ দিয়েছেন যেগুলো নিয়ে আমরা বেড়ে উঠছি এবং আজ যার যার অবস্থানে দাড়িয়ে কাজ করছি।

আমাদের অপ্রয়োজনীয় কিছু চাওয়ার অভ্যাস ছিল না, বাবার কাছ থেকে এই শিক্ষা পেয়েছিলাম আমরা এবং তা ছোটবেলাতেই রপ্ত করেছিলাম।

আমি বাবাকে খুব ভয় পেতাম। শ্রদ্ধা থেকে যে ভয়টা আসে, তেমন একটা ভয়। সেই ভীতিটা আমার দীর্ঘদিন ছিল। বাবা খুব রাসভারী, গুরুগম্ভীর একজন মানুষ ছিলেন। বাইরে থেকে দেখে তেমন মনে হলেও ভেতরে একজন শিশুর মতো মানুষ ছিলেন। যেটা পরিবারের সবাই বুঝতাম।

তার সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে ওঠে মূলত ১৯৯২ সালের পরে। সে সময় তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন। একটা সময় কোমায় চলে গিয়েছিলেন। বেঁচে উঠার কথা ছিল না। কিন্তু অলৌকিকভাবেই ফিরে আসেন তিনি। বন্ধুত্বটা হয় তখন। বাবা তখন পুরোপুরি শয্যাশায়ী। তার প্রাত্যহিক সবকিছু বিছানাতেই হত।

আমরা সবাই তার কাপড় ধোয়া, কাপড় পাল্টানো থেকে শুরু করে সব কাজ করতাম। তার নাকে রাইলস টিউব লাগান ছিল। সিরিঞ্জ দিয়ে খাওয়ানো হত তাকে। এসব করতে করতেই বাবার সঙ্গে এক ধরনের যোগাযোগ তৈরি হয়, বন্ধুত্বটা গাঢ় হয়।

শেষ দিনগুলোতে বাবার সঙ্গে আমার বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হত। রাজনীতি নিয়ে আলাপ হত, দেশে-বিদেশের অবস্থা নিয়ে আলাপ হত। কিন্তু সংগীত নিয়ে আলাপ হত না। সত্যি কথা বলতে, আমি আসলে ভয় পেতাম। কী প্রশ্ন করব, কী জানতে চাইব? এসব আমাকে পোড়ায় এখন। এর আগে যেমনটি বললাম-- প্রশ্নগুলো কেন আগে করিনি। প্রশ্ন করলে হয়ত কিছু জানতে পারতাম। সেটা আসলে আমার দুর্ভাবনা, আমার সেই বুদ্ধি হয়নি সে সময়।

তবে বাবার সঙ্গে আমার যোগাযোগটা গাঢ় হয়েছিল শেষ পয‍র্ন্ত। শেষদিকে এসে তিনি প্রতিদিনই খোঁজ নিতেন। আমি স্টুডিওতে কাজ করতে গেলে বাবা ফোন করে জানতে চাইতেন-- কতো রাত হবে? আরও জানাতেন বাড়ির সবাই অপেক্ষা করছে আমার জন্য। তাড়াতাড়ি ফিরতেও বলতেন। এখন মনে পড়ে স্মৃতিগুলো। কষ্ট দেয় স্মৃতিগুলো। 

বাবার শাসনের অভিজ্ঞতা হিসেবে সবসময়েই মনে পড়ে— ফুল ছিড়ে পিটুনি খাওয়ার স্মৃতি। বাবা খুব শখ করে বাগান করেছিলেন একটা। বন্ধুর একটা জায়গায় বাগান করেছিলেন তিনি। যে জায়গায় ফুল ফুটতে পারে বলে কেউ কল্পনা করতে পারেন না। সেখানে প্রচুর ফুল ফুটতো। আমি একদিন একটি ফুল ছিড়েছিলাম সেই বাগান থেকে। ফুল ছেঁড়ার পরে বাবার কাছে প্রচণ্ড পিটুনি খাই। এতে আমার প্রচণ্ড মন খারাপও হয়। কিন্তু বাবা কোনো কারণে ক্ষিপ্ত হয়ে শাসন করার পরে আবার কাছে ডেকে বোঝাতেন - কী ভুল করেছি আর কীই বা করা উচিত ছিল?

শিক্ষা বা মূল্যবোধগুলো এভাবেই তৈরি হয়। আমাকে পরে ডেকে বোঝালেন— তুমি যে ফুলটা ছিঁড়েছো, কাজটা করা ঠিক হয় নি তোমার। এর মূল কারণ হচ্ছে— ওই ফুলটা ছিঁড়তে গিয়ে তুমি আরও চারটা গাছ নষ্ট করেছো। এই গাছগুলো বেড়ে ওঠার জন্য আমাকে কী কী করতে হয়েছে নিশ্চয় তুমি নিজ চোখে দেখেছো। আর সব থেকে বড় কথা তুমি এভাবে এতোগুলো গাছ ভেঙ্গে ফুল না ছিঁড়ে যদি আমাকে বলতে আমি তোমাকে ফুল ছিঁড়ে দিতাম। তাতে অন্য গাছের কোনো ক্ষতি হত না।

বাবার শিক্ষা দেওয়ার ধরনটা হচ্ছে- টু দ্য পয়েন্ট। এটাকে সিগনিফিকেন্ট মনে হয়েছে আমার। এই সিগনিফেকেন্সগুলো এখন দেখা যায় কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহও প্রকাশ করি। আমরা কিন্তু এমন বহু শিক্ষা বাবার কাছ থেকে পেয়েছি।

যে কোনো পরিবারেই বাবা মানেই হচ্ছেন বিশাল বটগাছ। যে গাছের নিচে সবাই আশ্রয় পায়। সেই বটগাছটা পড়ে যায়, তখন ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়। যাদের বাবা-মা আছেন তারা এখন বুঝবেন না। তারা যখন চলে যাবেন, তখন অভাবটা বোঝা যাবে৤ প্রকৃতির নিয়মে একদিন সবাইকেই চলে যেতে হয়। কষ্টদায়ক একটি ব্যাপার যদিও।

আমি বাবাকে প্রতিনিয়ত স্মরণ করি। আমার সমস্ত কাজের অনুপ্রেরণা আমার বাবা-মা। আমার সামনে সব সময় আছেন তারা। সব কাজেই আমি তাদের স্মরণ করি। 

আমার সংগীতের হাতেখড়ি বাবার কাছেই। তার কোলে বসে ‘সা’ লাগানো শিখেছি। কোলে বসেই তানপুরা বাজিয়ে গান গাওয়া শিখেছি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমি এখন যা নিয়ে অনুশোচনাবোধ করি - আমার চোখের সামনে বিশাল মাপের একজন ইন্সটিটিউট ছিলেন। আমি আসলে তখন বুঝতে পারিনি। বুঝতে পারলে তার কাছ থেকে কিছু শেখার চেষ্টা করতাম আমি।

বাবার কাছ থেকে হয়ত আমি অনেক কিছু পেতে পারতাম। সে সুযোগ হারিয়েছি। অপ্রাপ্তিটা কখনও পূরণ হবে না।

সবসময়ই আমার এমন হয়ে যায়। আচ্ছা সামনেই তো আছে- পরে শিখে নেবো, বুঝে নেবো। পরের কথা বলে ঝুলিয়ে রাখি। কিন্তু এই শিক্ষা বা কাজগুলো যতো দ্রুত নেওয়া যায় ততোই মঙ্গল। কারণ, আমি আর যতোই চেষ্টা করি না কেন বাবার কাছ থেকে কিছুই শিখতে পারবো না। এ নিয়ে প্রচণ্ড অনুশোচনা বোধ আমার।

আমি বাবার স্কুলে গান শিখেছি— মনিহার সংগীত একাডেমিতে পাঁচ বছরের কোস‍র্ করেছিলাম। স্কুলের সবাইকে তিনি বারবার একটি কথা বলতেন। পরিশেষে সে কথা আমিও বলতে চাই, সুযোগ পেলে অন্যকে যেমন বলি - বৃক্ষে যতো ফল ধরে, বৃক্ষ ততো নত হয়। মানেটা হচ্ছে, যতো জ্ঞানী হবে, যতো শিখবে, যতো জানবে, ততো নম্র হবে। যদি উদ্ধত হও, ঝড়ে ভেঙ্গে দিয়ে যাবে। কাজেই যতো পারো নত হও। উদ্ধত হয়ো না। আজও আমি এই বাণী মেনে চলার চেষ্টা করি।