২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ছয় ধারাবাহিক

‘ভুল সবই ভুল’

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 04:09 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

পারিবারিক মূল্যবোধ ও সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক ‘ভুল সবই ভুল’। নাটকটি রচনা করেছেন মির্জা রাকিব ও পরিচালনা করেছেন শেখ রুনা।

ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র মায়া। স্ত্রীর অমতে মির্জা সাহেব তাকে পুত্রবধু করে আনার পর ঘটতে থাকে নানা অপ্রত্যাশিত ঘটনা। মির্জাপত্নী মনে করেন এ সব কিছুর দায় মায়ার। অপয়া অপবাদ দিয়ে মায়াকে নানাভাবে অপদস্ত করতে ব্যস্ত হয়ে ওঠেন তিনি।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, আফরোজা বানু, মিমো, সামস সুমন, নাফিজা, শাহরিয়ার শুভ, অহনা, মাহমুদ সাজ্জাদ, সাবেরী আলমসহ আরও অনেকে।

১৪ জুন থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায় এটিএন বাংলায় প্রচারিত হবে ‘ভুল সবই ভুল’।

‘দাগ’

এ ধারাবাহিকের কাহিনিও পারিবারিক সম্পর্কের টানাপোড়েনকেন্দ্রীক।

ধারাবাহিকে দেখা যাবে, পরিবারের প্রধান কিডনির সমস্যার কারণে অফিসের দায়িত্ব ছাড়লে শুরু হয় দ্বন্দ্ব। স্ত্রী মিতা, ছেলে লিমন, মেয়ে লিথি, বোন মোমেনা ও ভাই ফরিদ সবাই হাসান সাহেবের সম্পত্তির অংশীদার হতে চায়। এহেন অস্থিরতার মধ্যে হাসানকে কিডনি দিতে এগিয়ে আসেন তার মা।

ফেরদৌস হাসানের রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন সবুর খান ও মোস্তফা ওয়াহিদ রেজা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দিলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, অপূর্ব, নাদিয়া, জেনি, সাইদ বাবু, নাফিজা, আফরোজা বানু, আবদুল কাদের, মোমেনা চৌধুরী, কে এস ফিরোজ প্রমুখ।

ধারাবাহিকটি প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার করবে এটিএন বাংলা।

‘মামলাবাজ’

গ্রামীণ পটভূমিতে নির্মিত  ‘মামলবাজ’ নাটকে চঞ্চল চৌধুরী অভিনয় করছেন এক ঘরজামাইয়ের চরিত্রে। সে ঘরজামাই আবার ভণ্ড।

ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র মফিজ ব্যারিস্টার। এ চরিত্রে রূপদান করছেন আল মনসুর।

নাটকে দেখা যাবে, ঢাকার এক ব্যারিস্টারের বাড়িতে গৃহপরিচারক হিসেবে কাজ করা মফিজ একদিন নগদ টাকা ও মূল্যবান জিনিস চুরি করে পালিয়ে আসে গ্রামে। গ্রামে এসে সহজ-সরল মানুষদের নানা ফন্দি-ফিকির করে মামলার ফাঁদে ফেলে টাকা উপার্জন তার পেশা হয়ে দাঁড়ায়। তার স্ত্রীর নাম দিলরুবা। তিন কন্যার নাম যথাক্রমে দিলবাহার, দিল পিয়ারা ও দিল আফরোজ। তাই তার বাড়ির নাম ‘দিল মহল’।

বৃন্দাবন দাসের রচনা ও সৈয়দ শাকিলের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন  মীর সাব্বির, নাদিয়া, শাহনাজ খুশি, ডলি জহুর, শামীম প্রমুখ।

এই ধারাবাহিকটি প্রতি রবি ও সোমবার রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে।

‘হাওয়াই মিঠাই’

গ্রামীন রাজনীতির নানা দিক উঠে এসেছে ধারাবাহিক ‘হাওয়াই মিঠাই’ এ।  

ছায়াবিথী গ্রামের হাজি বাড়ি ও ডাক্তার বাড়ির পারিবারিক দ্বন্দ্ব নিয়ে এগিয়েছে নাটকের কাহিনি। হাজি বাড়ির জহির আর ডাক্তার বাড়ির ইব্রাহিম চেয়ারম্যান পদপ্রার্থী হলে গ্রামবাসী দুই শিবিরে বিভক্ত হয়ে পড়ে। রাজনৈতিক ডামাডোলে নতুন মাত্রা যোগ করেন বিদেশফেরত মকবুল। মকবুলের দলে ভিড়ে যায় প্রতারক হিসেবে পরিচিত হাতেম।

তৃতীয়শক্তির উত্থানে শঙ্কিত জহির ও ইব্রাহীম গোপন সংলাপের আয়োজন করে।

নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, বিদ্যা সিনহা মীম, শানারৈ শানু, তুষার খান, মুনিরা মিঠু, ফজলুর রহমান বাবু, লূৎফর রহমান জর্জ, প্রাণ রায়, মুক্তি, কাজী শিলা, মুকুল সিরাজ প্রমুখ। 

মুহাম্মদ মামুন-অর-রশীদের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন দেবাশীষ বড়ুয়া দীপ। প্রতি সপ্তাহে বৃহস্পতি থেকে শনিবার রাত ৮টা ১৫মিনিটে বাংলাভিশনে প্রচারিত হচ্ছে এটি।

‘অহনির্শি’

‘অহনির্শি’ ধারাবাহিকের প্রধান চরিত্র আগুন। ছোটবেলায় এক দুর্ঘটনায় বাবা-মাকে হারানোর পর আগুনের ঠাঁই হয় রসপুরা গ্রামে বড়চাচা পিয়ার মুন্সির বাড়িতে। সম্পত্তিলোভী পিয়ার মুন্সী আগুনের উপর নানা অত্যাচার করেন। আগুন বড় হয়ে একদিন বুঝতে পারে, চাচা তাকে নানাভাবে ঠকিয়ে যাচ্ছেন।

আগুন ভালোবাসে চাচাতো বোন আঙ্গুরলতাকে। তবে সহজ সরল আগুন কোনোদিনই তার ভালোবাসার কথা আঙ্গুরলতাকে  জানাতে পারেনি।

উইল অনুসারে বাবার সম্পত্তি আগুনের ভোগ করার কথা থাকলেও পিয়ার মুন্সি জোর করে সবকিছু নিজের নামে লিখিয়ে নিতে চান। কিন্তু আগুন তাতে রাজি হয় না।

পিয়ার মুন্সি এতে খেপে গিয়ে আগুনকে মেরে ফেলেন। তার লাশ গুম করে দেন তিনি। এরপরে গ্রামে একটি গ্যাসক্ষেত্র আবিস্কার হলে কূপ খনন করতে একটি প্রকৌশলী দল আসে। প্রকৌশলী দলের প্রধান যুবকটি দেখতে আগুনের মতো হলেও সে নিজেকে রবিন বলে পরিচয় দেয়। রবিন রসপুরা গ্রামের সব কাহিনি বলে চলে। তার আসল পরিচয় নিয়ে সন্দিহান হয়ে পড়ে গ্রামবাসী।

মাসুম রেজার রচনা ও কাজী আমিরুল ইসলাম শোভার পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলভী, আ খ ম হাসান,আজিজুল হাকিম, সঞ্জীব আহমেদ, জয়রাজ,পুতুল, উর্মী, বরুণ প্রমুখ।

নাটকটি প্রতি সপ্তাহের  শুক্রবার থেকে রোববার পর্যন্ত রাত ৮ টা ২০ মিনিটে আরটিভিতে প্রচারিত হচ্ছে।

‘হল্লাবাজি’

 রম্য ধাঁচের ধারাবাহিক ‘হল্লাবাজি’ গ্রামীণ পটভূমিকায় পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে।

মাসুম রেজা’র রচনা ও গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ‘হল্লাবাজি’ নাটকে অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ, মীর সাব্বির, রিচি সোলায়মান, অপর্ণা, প্রভা, শশী, নাজনীন হাসান চুমকি,  শ্যামল মাওলা, মিশু সাব্বির, শাহেদ আলী সুজন, প্রমুখ।   

ধারাবাহিকটি প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৯টা ০৫মিনিটে বাংলাভিশনে প্রচারিত হচ্ছে।