যে ফেলুদা সেই ব্যোমকেশ
ব্যোমকেশ বক্সির চরিত্রে অভিনয় করেছেন আগেই। এবার হলেন ফেলুদা। আর দুই রূপেই তাকে দেখা যাবে একই দিনে। ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’ আর ‘বাদশাহী আংটি’ সিনেমা দুটিতে ব্যোমকেশ আর ফেলুদার চরিত্রে দেখা যাবে আবির চ্যাটার্জিকে। এ বছরের শেষ দিকে সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’ আর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যোমকেশ বক্সি’ বাংলা সাহিত্য জগতের দুই জনপ্রিয় গোয়েন্দা। গোয়েন্দা হলেও দুজনের কাজের ধরন আর জগৎ সম্পূর্ণ আলাদা। সাহ্যিত্যে এই দুই চরিত্র কখনও একজন আরেকজনের পথ না মাড়ালেও পর্দায় প্রতিযোগিতা হবে তাদের মধ্যে।
আর দুজনকে প্রতিযোগিতায় ফেলার পরিকল্পনা করেছেন ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’র প্রযোজক কৌস্তভ রায়।
এখন পর্যন্ত ব্যোমকেশ সিরিজের দুটি সিনেমা মুক্তি পেয়েছে-‘ব্যোমকেশ বক্সি’ (২০১০) এবং ‘আবার ব্যোমকেশ’ (২০১২)। দ্বিতীয় সিনেমার প্রযোজক রানা সরকারকেও এর আগে একইভাবে প্রতিযোগিতার মুখে ফেলেছিলেন প্রথম আর তৃতীয় সিনেমার প্রযোজক কৌস্তভ রায়। সেবার তিনি ‘আবার ব্যোমকেশ’-এর সাথে একইদিনে আবারও মুক্তি দেন তার ‘ব্যোমকেশ বক্সি’ সিনেমাটি। আর এবার তিনি প্রতিযোগিতা করতে চাচ্ছেন ফেলুদার সঙ্গে।
এবার কৌস্তভ পরীক্ষায় ফেলতে চাচ্ছেন নায়ক আবিরকে। তিনি দেখতে চান আবির কোনরূপে বেশি সফলতা পায় - ফেলুদা না ব্যোমকেশ?
কৌস্তভ রায় বলেন, “হ্যাঁ, আমি ব্যোমকেশের সিনেমাটি ডিসেম্বরের ছুটিতে মুক্তি দেব। বাচ্চারা গোয়েন্দা সিনেমা পছন্দ করে এবং তারাই এই সিনেমার মূল দর্শক। দর্শকরা এটাও বাছাই করতে পারবে আবির ‘ফেলুদা’ হিসেবে বেশি ভালো, নাকি ‘ব্যোমকেশ’ হিসেবে।”
চলচ্চিত্রে ব্যোমকেশ সিরিজ শুরু থেকেই ঝামেলায় পড়েছিল। অঞ্জন দত্ত শরদিন্দুর গোয়েন্দা কাহিনীগুলোর স্বত্বের অধিকারী হন এবং ব্যোমকেশকে রুপালি পর্দায় হাজির করেন। প্রথম সিনেমার সাফল্য অঞ্জন দত্তকে ব্যোমকেশ সিরিজ তৈরিতে উৎসাহ যোগায়। কিন্তু দ্বিতীয় সিনেমায় তিনি কাজ করেন প্রযোজক রানা সরকারের সাথে। কৌস্তভ রায় এতে বিরক্ত হয়ে একই দিনে আবার মুক্তি দেন তার প্রযোজিত প্রথম সিনেমাটি।
পরবর্তীতে অবশ্য কৌস্তভ রায় আর রানা সরকারের মধ্যে মিটমাট হয়। কিন্তু ঘটনা নতুনভাবে ঘনীভূত হয় যখন ব্যোমকেশ চরিত্রের অভিনেতা আবির, ফেলুদা চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।এতদিন সব্যসাচী চক্রবর্তীকে নিয়ে কাজ করার পর সন্দ্বীপ রায় ‘বাদশাহী আংটি’তে ফেলুদা চরিত্রে অভিনয়ের জন্য আবিরকে বেছে নেন। আবির এতে সম্মতি দিলে অঞ্জন দত্ত বা কৌস্তভ রায় কেউই সেটা মেনে নিতে পারেননি।
পরিচালক অঞ্জন দত্ত বলেন, “আবির যদি ফেলুদা করতে চায়, সেটা তার ব্যাপার। যদি সে ভেবে থাকে ব্যোমকেশ একটা ব্র্যান্ড, তাহলে অঞ্জন দত্তও একটা ব্র্যান্ড। আর দুইয়ে মিলে অনেক বড় কিছু একটা হওয়ার সামর্থ্য রয়েছে। কিন্তু আবির আমার সাথে বসার আগ্রহ দেখায়নি। সে অপ্রস্তুত ছিল কিন্তু ফেলুদাও করতে চাচ্ছিল। আমার মনে হয় এই অনিশ্চয়তাটা আর বাড়ানো ঠিক হবে না। আমি ঠিক জানি না আবির কেন আমাকে বলতে পারলো না যে, সে ব্যোমকেশ করে ক্লান্ত এবং এখন সে ফেলুদা করতে চায়। আমিও বেশ কিছুদূর এগিয়েছি এবং এরইমধ্যে নতুন একজন ব্যোমকেশকে খুঁজে পেয়েছি।”
কিন্তু কৌস্তভ রায়ের রাগটা অঞ্জনের চেয়েও বেশি ছিল। সন্দ্বীপ রায় লখনৌতে ‘বাদশাহী আংটি’র শুটিং শুরু করার আগেই ব্যোমকেশের তৃতীয় সিনেমা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু কৌস্তভ রায় আবির অভিনীত এই সিনেমাটি ‘বাদশাহী আংটি’র সঙ্গেই মুক্তি দিতে চাচ্ছেন।
