২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেতার ঘোষক হতে চেয়েছিলেন বিগ বি

তাকে বলা হয় বলিউডের সহস্রাব্দের তারকা। কিন্তু অনেকেই হয়ত জানেন না, বড় পর্দার নয় বেতারের তারকা হতে চেয়েছিলেন অমিতাভ বচ্চন। অল ইন্ডিয়া রেডিওতে অডিশন দেওয়ার জন্যই মুম্বাইতে এসেছিলেন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 01:21 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

কিন্তু বেতার ঘোষক আমিন সায়ানির কাছে ‘প্রত্যাখ্যাত’ হয়ে হতাশ মনে ফিরতে হয়েছিল অমিতাভকে।

অল ইন্ডিয়া রেডিওর জনপ্রিয় ঘোষক সায়ানি সম্প্রতি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার কাছে পুরনো স্মৃতি রোমন্থন করে বলেন, “সময়টা সম্ভবত ষাটের দশকের শেষের দিকে। তখন আমি সপ্তাহজুড়ে প্রায় ২০টি অনুষ্ঠান করতাম, প্রায় সারাদিনই আমাকে সাউন্ড স্টুডিওর ভেতরে কাটাতে হত। একদিন শুনলাম, অমিতাভ বচ্চন নামে এক যুবক আমার কাছে এসেছে অডিশন দিতে। কিন্তু আমাকে আগে না জানিয়ে হঠাৎ করে চলে আসার কারণে আমি তাকে সময় দিতে পারিনি।”

প্রথমবার প্রত্যাখ্যাত হয়েই কিন্তু থেমে যাননি বিগ বি, সায়ানির সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন আরও বেশ কয়েকবার। কিন্তু প্রত্যেকবারই সময়ের অভাবে তাকে ফিরিয়ে দেন ব্যস্ত সেই রেডিও তারকা।

১৯৭১ সালে যখন অমিতাভ এবং রাজেশ খান্না অভিনীত ‘আনন্দ’ মুক্তি পায়, তখন অমিতাভের কণ্ঠস্বর মুগ্ধ করেছিল সায়ানিকে। কিন্তু তখনও তিনি জানতেন না, এই সেই যুবক-- যিনি বেশ কয়েকবার তার সঙ্গে দেখা করতে এসে ফিরে গেছেন।

সায়ানি বলেন, “একবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন অমিতাভ। সেদিন নিজের ক্যারিয়ারের শুরুর দিকের সংগ্রামের কথা স্মরণ করেন তিনি। আর তখনই আমি জানতে পারি এই সেই যুবক!”

তিনি আরও বলেন, “এরপর একদিন আমার অনুষ্ঠানে অমিতাভের সাক্ষাৎকার নেই আমি, আর তখন পুরনো স্মৃতি মনে করে অনেকক্ষণ হাসাহাসি করি দুজন।”

বেতার ঘোষক হতে না পারলেও বিভিন্ন সিনেমার নেপথ্যে কণ্ঠ দেওয়ার জন্যে আলাদা খ্যাতি আছে এই অভিনেতার।

সত্যজিৎ রায়ের ১৯৭৭ সালের ছবি ‘সতরঞ্জ কি খিলাড়ি’তে নেপথ্য ভাষ্যকার ছিলেন ‘ব্যারিটোন’ বা মন্দ্রস্বরের অধিকারী বচ্চন।