অবশেষে হলে আসছে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’
২০ জুন মুক্তি পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘নেকাব্বরের মহাপ্রয়াণ'। নির্মলেন্দু গুণের কবিতা ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ অবলম্বনে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটি পরিচালনা করেছেন মাসুদ পথিক।
মাসুদ জানান, ঢাকার বলাকা, সিনেপ্লেক্সসহ খুলনা, নরসিংদী ও নেত্রকোনার আটটি হলে মুক্তি পাবে সিনেমাটি।
এর আগে গ্লিটজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাসুদ জানিয়েছিলেন, জুনের প্রথম সপ্তাহে ২০টি সিনেমা হলে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। কিন্তু মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা চালাতে হল-মালিকদের ‘অনীহা'র কারণে সিনেমা হলের সংখ্যা কমেছে বলে জানান মাসুদ।
২০১৩ সালের ৭ অক্টোবর সিনেমাটির প্রিমিয়ার হয়। প্রিমিয়ার শোতেই নানা কারিগরি দিক নিয়ে সমালোচনার মুখে পড়ে সিনেমাটি।
প্রিমিয়ার শোর বিশেষ অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সিনেমার বিরতিতে বেরিয়ে যান। তার আগে তিনি মন্তব্য করেন, “সরকারি অনুদান নিয়ে যাচ্ছেতাইভাবে সিনেমা বানাচ্ছে পরিচালকরা। এরপর সরকারি অনুদানের সিনেমা নিয়ে আমাকে অন্যভাবে ভাবতে হবে।”
সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা মামুনুর রশীদও সিনেমাটি নিয়ে ‘হতাশ’ ছিলেন।
সিনেমার আরেকটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা শিমলাও সিনেমাটি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মাসুদ বলেন, “আমি ভীষণ যত্ন নিয়ে একটি সিনেমা বানিয়েছি। সিনেমা নির্মাণে কোনো ত্রুটি রাখি না।”
"তাড়াহুড়ো করে জমা দেবার" অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “সরকারি নিয়মানুযায়ী সিনেমাটি জমা দিতেই হত। সেক্ষেত্রে আমার সর্বোচ্চ চেষ্টা আমি করেছি।”
মাসুদ এখন ‘দ্য রমনা পার্ক’ নামে নতুন একটি সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছেন। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘অমলকান্তি’ এবং নির্মলেন্দু গুণের ‘আমি হয়ত মানুষ নই’ কবিতা অবলম্বনে রচিত হয়েছে সিনেমাটির কাহিনি।
মাসুদ জানান, তার দ্বিতীয় সিনেমার শুটিং শুরু হবে ২০ সেপ্টেম্বর।
