সিনেমা থেকে নাটকে শশীর যাত্রা
শুরুটা হয়েছিল বড় পর্দায়। জহির রায়হানের উপন্যাস ‘হাজার বছর ধরে’ অবলম্বনে সুচন্দার সিনেমায় ‘টুনি’ চরিত্রে অভিনয় করেন তিনি। তারপর আর সিনেমায় দেখা যায়নি তাকে। এখন নিয়মিত অভিনয় করছেন ছোট পর্দার নাটকে।
গ্লিটজকে জানালেন, ‘মনের মতো’ চরিত্র না পাওয়ায় সিনেমাতে নিয়মিত হতে পারেননি শারমিন জোহা শশী।
“বাণিজ্যিক সিনেমার ব্যাপারে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু গল্পই পছন্দ হয়নি আমার। আমি এমন সিনেমাতে কাজ করতে চাই যা পরিবারের সবাইকে নিয়ে দেখা যায়। কিন্তু এমন গল্প বা নির্মাতা এখনও পাইনি।”
আরও জানালেন ঈদ উপলক্ষে বেশ কয়েকটি নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। চারটি নাটকের শুটিংও শেষ করেছেন। এগুলো হল শামীম জামানের ‘বউপাগল’, পারভেজ আমিনের ‘কেবলই দৃশ্যের জন্ম হয়’, রুবাইয়াৎ মাহমুদের ‘দূরদ্বীপবাসিনী’ ও আফজাল হোসেন মুন্নার ‘সেদিন দুজনে’।
শশী ২০১০ সালে পর শফিকুল ইসলাম ভৈরবীর সিনেমা ‘সোয়াচান পাখি’তে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। কিছুদিন পর এর শুটিং বন্ধ হয়ে যায়। সিনেমাতে শশীর বিপরীতে অভিনয় করছিলেন আনিসুর রহমান মিলন।
সিনেমাটি বন্ধের কারণ সম্পর্কে জানতে চাইলে শশী জানান, এ ব্যাপারে পরিচালকও ‘স্পষ্ট’ করে কিছু বলছেন না। শশীও সিনেমাটির ‘আশা’ ছেড়ে দিয়েছেন।
শশী সিদ্ধান্ত নিয়েছেন ভেবেচিন্তেই সিনেমাতে কাজ করবেন। সিনেমার জন্য তাকে আরও বেশি ‘প্রস্তুত’ হতে বলেও মনে করেন তিনি।
শশী অভিনীত নতুন ধারাবাহিক ‘হল্লাবাজি’ বাংলাভিশনে প্রচারিত হবে শিগগিরই। এছাড়া এশিয়ান টিভিতে চলছে ধারাবাহিক ‘প্রথম প্রেম’।
