“উর্দুভাষী মুসলিমরা দেশ পায়নি”
বাংলাদেশে বসবাসকারী ‘উর্দুভাষী মুসলমান’দের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘স্বপ্নভূমি’ প্রদর্শিত হতে যাচ্ছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাই কমিশনের মালয়েশিয়া কার্যালয়ে।
নির্মাতা তানভীর মোকম্মেল গ্লিটজকে জানান, বিশ্ব শরণার্থী দিবস ২০১৪ উপলক্ষে শরণার্থীদের নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীতে আমন্ত্রণ পেয়েছে প্রমাণ্যচিত্রটি।
কুয়ালালামপুরের সেন্ট্রাল মার্কেটের দ্য অ্যানেক্স গ্যালারিতে ‘ওয়ার অ্যান্ড ফাইট’ শীর্ষক প্রদর্শনীতে চলচ্চিত্রটি দেখান হবে ১৬ ও ১৭ জুন।
প্রদর্শনীর দুই দিনে আরও দেখান হবে প্রামাণ্যচিত্র ‘অ্যাজ উই ফরগিভ’, ‘মুভিং টু মারস’, চলচ্চিত্র ‘দ্য ভিজিটর’ ও ‘ফর অ্যা মোমেন্ট, ফ্রিডম’।
নির্মাতা জানান, ‘স্বপ্নভূমি’ নির্মাণ করা হয়েছে অভিবাসন ও এ নিয়ে মানসিক টানাপড়েনকে প্রাধান্য দিয়ে।
“যুদ্ধের নয় মাসে আমরাও শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিয়েছি। সে সময়ের অবস্থা সহ্য করতে না পেরে মুক্তির জন্য মরিয়া হয়ে যুদ্ধও করেছি।”
তিনি জানান, তরুণ শরণার্থী নেতা খালেদ হোসেনের মতো আরও বেশ কয়েকজনের কথা তুলে ধরা হয়েছে প্রামাণ্যচিত্রটিতে। প্রামাণ্যচিত্রটিতে দুই প্রজন্মের দুরকম মনোবাসনার কথাও উঠে এসেছে।
নির্মাতা বলেন, “প্রামাণ্যচিত্রটি নির্মাণ করতে গিয়ে আমরা জানতে পারি, তরুণ প্রজন্ম এ দেশের নাগরিক হিসেবে বসবাস করতে ইচ্ছুক কিন্তু মধ্য বয়সী বা বৃদ্ধরা পাকিস্তানে যেতে চান।”
নব্বই মিনিটের প্রামাণ্যচিত্রটির চিত্রগ্রহণ করেছেন আনোয়ার হোসেন। আবহসংগীত দিয়েছেন সৈয়দ সাবাব আলী আরজু ও গবেষণায় ছিলেন শফিউর রহমান। সহকারী পরিচালক ছিলেন উত্তম গুহ।
শরণার্থী দিবস (২০ জুন) উপলক্ষে ইউএনএইচসিআর-এর মালয়েশিয়ান কার্যালয় আয়োজিত অনুষ্ঠানমালায় আরও রয়েছে ছয়দিনব্যাপী ‘পিস অফ হোম’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী এবং দুদিনব্যাপী শরণার্থীদের শিল্প ও কারুপণ্যের প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান।
