ঘর ভাঙল কারিশমার
ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হল অভিনেত্রী কারিশমা কাপুরের। সম্প্রতি মুম্বাইয়ের ব্যান্ড্রা আদালতে হয়েছে এর শুনানি।কারিশমার পাশে ছিলেন বোন কারিনা কাপুর খানের স্বামী সাইফ আলী খান।
এনডিটিভি বলছে, সেদিন সাবেক এই দম্পতির সঙ্গে বিশেষ বৈঠকে বসেছিলেন সাইফ। কীভাবে বিচ্ছেদের ব্যাপারটি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই মিটিয়ে ফেলা যায়, তা নিয়ে আলাপ হয় তাদের মধ্যে।
নিজের প্রথম বিয়ে বিচ্ছেদের উদাহরণ তুলে ধরেন সাইফ। প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পরও সুসম্পর্ক বজায় রেখেছেন এই অভিনেতা।
২০০৩ সালে সঞ্জয়কে বিয়ে করেন সে সময় জনপ্রিয়তার তুঙ্গে থাকা কারিশমা কাপুর। কিন্তু বিয়ের পর ‘রাজা হিন্দুস্তানি’-খ্যাত এই অভিনেত্রীর ক্যারিয়ারে ছেদ পড়ে।
বেশ কয়েক বছর ধরেই চলছে কারিশমা-সঞ্জয়ের বিচ্ছেদের গুজব। ধারণা করা হয়, বিয়ের দুবছরের মধ্যেই দূরত্ব সৃষ্টি হয়েছিল এই দম্পতির মাঝে।
২০০৫ সালে জন্ম নেয় তাদের মেয়ে সামায়রা। এর কিছুদিন পর সঞ্জয়ের সঙ্গে দূরত্ব মিটিয়ে ফেলেন কারিশমা।
২০১০ সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান কিয়ান রাজ কাপুর।
২০১২ সাল থেকেই আবার আলাদাভাবে বসবাস করা শুরু করেন তারা।
তাদের বিচ্ছেদের কারণ হিসেবে দায়ী করা হয় মূলত সঞ্জয়কেই। কারিশমার প্রতি সঞ্জয়ের বিশ্বস্ততার অভাবের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই কানাঘুষো চলছিল।
দীর্ঘ ক্যারিয়ারে দুজন অভিনেতার সঙ্গে প্রেম করেছেন কারিশমা।
১৯৯২ সালে অজয় দেবগানের সঙ্গে প্রেম করা শুরু করেন তিনি, তিন বছর পর তাদের সম্পর্ক ভেঙে যায়।
অভিষেক বচ্চনের সঙ্গে বাগদান করেন ২০০২ সালের অক্টোবরে। চারমাস পর ২০০৩ সালের ফেব্রুয়ারিতে বাগদানের আংটি খুলে ফেলেন কারিশমা। সে বছরই সঞ্জয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।
২০১২ সালে ‘ডেঞ্জারাস ইশক’ সিনেমার মাধ্যমে আবার ফেরেন রূপালি পর্দায়। কিন্তু সিনেমাটি ফ্লপের খাতায় নাম লেখায়। আপাতত ছেলেমেয়ে নিয়ে মুম্বাইতেই বসবাস করছেন এই অভিনেত্রী।
