কারিশমার বিপত্তি
ব্যবসায়ী স্বামীর সঙ্গে কারিশমা কাপুরের বনিবনা নেই অনেকদিন ধরেই। তবে এই মনোমালিন্য যে বিচ্ছেদেই পরিণতি পাবে তারই প্রমান দিলেন স্বামী সাঞ্জায় কাপুর। মেয়ে সামাইরা আর ছেলে কিয়ানকে নিজের কাছে রাখার জন্য আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি।
এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া বলছে, নয় বছরের সামাইরা আর ৪ বছরের কিয়ানের সঙ্গে স্বামীকে দেখাও করতে দিচ্ছিলেন না ‘যুবেইদা’ খ্যাত এই অভিনেত্রী। আর তাই বাধ্য হয়েই দিল্লিভিত্তিক এই ব্যবসায়ীকে আদালতে যেতে হয়েছে।
এমনও শোনা যাচ্ছে মুম্বাইয়ের বান্দ্রা পারিবারিক আদালতে খুব শিগগিরই ‘নিষ্পত্তির অযোগ্য বিভেদ’ - এই কারণ দেখিয়ে বিচ্ছেদের আবেদন করতে যাচ্ছেন রানধির কাপুর ও বাবিতার বড় মেয়ে।
দিল্লির এক হোটেল ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে কারিশমার স্বামীর সম্পর্কের কথা গণমাধ্যমে এসেছিল আগেই। এখন শোনা যাচ্ছে সেই নারীর বিয়ে বিচ্ছেদের পর সাঞ্জায় কাপুরের সঙ্গেই সবসময় দেখা যাচ্ছে তাকে।
কিন্তু এসব বিষয়ে মুখে কুলুপ এটে রেখেছেন রাজ কাপুরের এই নাতনী।
২০০৩ সালে সাঞ্জায় কাপুরকে বিয়ে করেন কারিশমা কাপুর।২০০৫ সালে সামাইরা এবং ২০১০ সালে কিয়ানের জন্ম হয়।ছেলের জন্মের কিছু দিন পরই মুম্বাইয়ে ফিরে বসবাস করতে শুরু করেন কারিশমা কাপুর।
